ফিলিস্তিনে শান্তি আসতে পারে কীভাবে, জানালেন যুবরাজ সালমান
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা হলে সেখানে শান্তি ফিরে আসবে বলে মনে করেন সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতার উত্তরসূরী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আজ শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হওয়া জয়েন্ট আরব ইসলামিক এক্সট্রাঅরডিনারি সামিটে দেওয়া সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গাজার চলমান সংকট নিরসনে এ সম্মেলন শুরু হয়েছে। এতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও আরব লিগের নেতারা অংশ নিয়েছেন।
সম্মেলনে সৌদি যুবরাজ বলেন, ‘গাজায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে এবং সব জিম্মি ও বন্দিদের মুক্তি দিতে হবে। এটি এমন এক মানবিক বিপর্যয়, যা ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং বিশ্ব সম্প্রদায়ের দ্বৈতনীতির প্রমাণকে স্পষ্ট করেছে।’
মোহাম্মদ বিন সালমান বলেন, ‘এখন শান্তির একমাত্র উপায় হলো- ইসরায়েলি দখলদারত্ব ও অবৈধ বসতি স্থাপনের অবসান, ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার পুনরুদ্ধার এবং ১৯৬৭ সালের প্রস্তাবের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।’
এ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই তার দায়িত্ব ও বাধ্যবাধকতা পালন করতে হবে, যাতে অবিলম্বে আমাদের জনগণের বিরুদ্ধে এই প্রতিহিংসামূলক যুদ্ধের অবসান ঘটানো যায়।’
তিনি বলেন, ‘আমরা মার্কিন প্রশাসনকে ইসরায়েলের আগ্রাসন এবং আমাদের পবিত্র স্থানের দখল ও সেখানকার পবিত্রতা লঙ্ঘন বন্ধের আহ্বান জানাই। আমাদের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন এবং আমরা তা চাই। কেননা পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলি দখলদার বাহিনীর পাশাপাশি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রতিদিনই হামলা করছে।’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘এজন্য কোনো সামরিক ও নিরাপত্তা সমাধান গ্রহণযোগ্য নয়, কারণ এখানে সবই ব্যর্থ হয়েছে। গাজা বা পশ্চিম তীর থেকে আমাদের জনগণকে বাস্তুচ্যুত করার যেকোনো প্রচেষ্টা আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।’
১১ বছর পর কোনো ইরানি প্রেসিডেন্ট হিসেবে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য সৌদি আরবে এসেছেন ইব্রাহিম রাইসি। ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় নির্বিচার বোমাবর্ষণ বন্ধ করতে হবে। সমগ্র মুসলিম বিশ্বকে গাজায় আগ্রাসন চালানো সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিতে পারি।’











