অর্ধেকের বেশি গার্মেন্টে ঈদের বেতন ঘোষিত সময়ে হয়নি
বেতন-বোনাস যাতে সময়মতো পান, সে লক্ষ্যে চলতি মাসের শুরুতেই সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়। সে মোতাবেক ১০ জুলাইয়ের মধ্যে বেতন ও ১৪ জুলাইয়ের মধ্যে বোনাস পরিশোধের কথা। বেতন পরিশোধের বেঁধে দেয়া এ সময় গত শুক্রবার শেষ হয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের পর্যবেক্ষণ বলছে, দেশে প্রায় সাড়ে তিন হাজার সচল পোশাক কারখানার মধ্যে ৫০ শতাংশে বেতন-বোনাস পরিশোধ হয়েছে। অর্থাৎ অর্ধেক কারখানাই বেঁধে দেয়া সময়ে বেতন পরিশোধে ব্যর্থ হয়েছে। এর মধ্যে ১০ শতাংশ কারখানায় আবার বেতন-বোনাস পরিশোধ একেবারেই অনিশ্চিত। সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, পূর্ণাঙ্গ বেতন-বোনাস পরিশোধ হয়নি, এমন কারখানা ৫০ শতাংশ। প্রক্রিয়াটি চলমান থাকায় এর মধ্যে অনেক কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়ে যাবে বলে আশা করছি। তবে আমাদের মূল দুশ্চিন্তা ১০ শতাংশ কারখানা নিয়ে। শ্রমিক সংগঠনের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘শ্রমিক নেতাদের পর্যবেক্ষণ নিয়ে আমাদের কোনো মতামত বা মন্তব্য নেই। সংগঠনের পক্ষ থেকে বলতে পারি, বেতন-বোনাস পরিস্থিতি খুব নেতিবাচক ধরে নেয়ার মতো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে নেই।’ শিল্প পুলিশের পক্ষ থেকে আশুলিয়া ও নারায়ণগঞ্জের কারখানাগুলোয় বেতন-বোনাস পরিস্থিতি সন্তোষজনক বলা হয়েছে। তবে শঙ্কা রয়েছে গাজীপুর ও চট্টগ্রাম অঞ্চলের কারখানায় বেতন-বোনাস পরিশোধ নিয়ে। আশুলিয়া শিল্পাঞ্চলে কারখানা রয়েছে ৭০০টি। এর অধিকাংশেরই বেতন-বোনাস পরিশোধ হয়েছে। গাজীপুর অঞ্চলে কারখানা রয়েছে মোট ১ হাজার ২৫৫টি। এর মধ্যে ৮৮১টি পোশাক খাতের। বাকি ৩৭৪টি অন্যান্য খাতের। এ কারখানাগুলোর মধ্যে প্রায় ৮০ শতাংশে এখনো বেতন-বোনাস পরিশোধ করা হয়নি বলে শিল্প পুলিশ সূত্র জানিয়েছে। চট্টগ্রামে শিল্প-কারখানার সংখ্যা প্রায় এক হাজার। এর মধ্যে ৬৩০টি পোশাক খাতের। গতকাল পর্যন্ত পোশাক খাতের প্রায় ৩০০ কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে। আবার নারায়ণগঞ্জ অঞ্চলের এক হাজার কারখানার অধিকাংশেই বেতন-বোনাস পরিশোধ হয়েছে বলে জানা গেছে। জানা যায়, শিল্প পুলিশের নজরদারিতে রয়েছে বস্ত্র ও পোশাক, পাদুকা, পাট, সিরামিক, ওষুধ শিল্প মিলে প্রায় পাঁচ হাজার কারখানা। এর মধ্যে বস্ত্র ও পোশাক খাতের কারখানার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। বেতন-বোনাস নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এমন কারখানা ছিল তিন শতাধিক। শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে বরাবরের মতোই কিছু কারখানায় পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা এখনো রয়ে গেছে। বস্ত্র ও পোশাক খাতের কারখানাগুলোয় সাধারণত শেষ দিন পর্যন্ত বেতন-বোনাস পরিশোধ করা হয়। ফলে শ্রমিক সংগঠনের অভিযোগ থাকলেও ঠিক কত কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়নি তা বলা যাচ্ছে না। তবে সরকারের নির্দেশনার শেষ দিনে সব কারখানায় যে বেতন পরিশোধ হয়নি এ কথা ঠিক।
শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর সূত্র বলছে, শ্রমিকদের অভিযোগ অনুযায়ী ৫০ শতাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ হয়নি বলে যে তথ্য দেয়া হচ্ছে, তা মালিকদের ওপর চাপ সৃষ্টির জন্য। বেশকিছু কারখানায় বিরূপ পরিস্থিতি তৈরি হলেও সংখ্যাটা এত বেশি নয়। অনেক কারখানায় বেতন-বোনাস পরিশোধ প্রক্রিয়াধীন। আর কোনো ধরনের অসন্তোষ দেখা দিলে তা সব পক্ষের সমঝোতায় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ বলেন, দু-একটি কারখানার পরিস্থিতি খারাপ হওয়ায় তা সব পক্ষের সমন্বয়ে সমাধান করা হয়েছে। এছাড়া সোয়ান, চুনজি কারখানার বিরূপ পরিস্থিতির সমাধানও প্রক্রিয়াধীন।
শ্রমিক নেতারা বলছেন, সরকার নির্দেশনা দিয়েছে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের। আমরা এ নির্দেশনা লোক দেখানো বলেই মনে করছি। কারণ আইন অনুযায়ী এবং নিয়মিতভাবেই মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের প্রচলন রয়েছে। আবার বোনাসের বিষয়েও সরকার সুনির্দিষ্ট করে কিছু বলেনি। আবার জুলাইয়ের বেতনের কিছু অংশ ঈদ উপলক্ষেই প্রত্যাশিত ছিল। সে বিষয়েও কোনো নির্দেশনা দেয়া হয়নি।
– See more at: http://newsworldbd.com/bn/2015/07/12/%e0%a6%85%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87/#.VaN9krU6Fkg











