টানা বর্ষণে নাকাল দেশ
নিজস্ব প্রতিবেদক : কালো মেঘে ঢেকে থাকছে আকাশ। এই ঝিরিঝিরি তো পরক্ষণেই অঝোরে নামছে বৃষ্টি। শিউলি-ঝরা আশ্বিনের শেষভাগে গত কয়েক দিন প্রকৃতি এভাবেই ধরে রেখেছে ‘বর্ষার রূপ’। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার আগে ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে।
শুক্রবারও চলে বৃষ্টির তোড়। সকালে কিছুটা বিরতি দিলেও দুপুরের পর নেমে ভারী বৃষ্টি চলে রাত অবধি। সঙ্গে বজ্রপাত, দমকা হাওয়া; কোথাও টর্নেডোু এমন বৈরী আবহাওয়ায় সারাদেশেই নেমে এসেছে বিপর্যয়। বাড়িতে ঢুকেছে পানি, ডুবে গেছে সড়ক-রেললাইন। ভেসে গেছে মাছের ঘের। জলাবদ্ধতায় নাকাল মানুষ। ব্যাহত যান চলাচল। কৃষিরও বড় ক্ষতি। দেখা দিয়েছে নদীভাঙন। লালমনিরহাট সদর ও হাতীবান্ধার তিস্তা নদীর চর এলাকায় ভেসে এসেছে অজ্ঞাত তিন যুবকের লাশ। এ ছাড়া মাটিচাপা, গাছ পড়ে ও বজ্রপাতে মারা গেছেন আরও ১২ জন। ট্রলারডুবিতে নিখোঁজ আছেন ৬ জন।
রাজধানীতে শুক্রবার ছুটির দিনে ভারী বৃষ্টি হলেও ছিল না আগের দিনের মতো যানজট। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হননি। ফলে দুর্ভোগও চোখে পড়েনি। তবে বেশ কয়েকটি এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। দিনভর বৃষ্টিতে থমকে ছিল জনজীবন। আজ শনিবার থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝোড়ো হওয়ার শঙ্কায় চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
দেশের ইতিহাসে অক্টোবরে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে অন্তত ৯ বার। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গত বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৭৮ মিলিমিটার। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৬ মিলিমিটার; ঢাকায় ঝরে ৮০ মিলিমিটার।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মৌসুমি বায়ু অক্টোবরের শুরু থেকে মাঝামাঝি সময়ে বিদায় নেওয়ার অবস্থায় চলে যায়। বৃষ্টির দাপট এ সময়ে বাড়ে। চলতি মাসে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
ভেসে এলো ৩ লাশ, আরও ১২ মৃত্যু
লালমনিরহাট সদর ও হাতীবান্ধার তিস্তা নদীর চর এলাকা থেকে অজ্ঞাত তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এক ও শুক্রবার দু’জনসহ মোট তিনজনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতের উত্তর সিকিম থেকে ধেয়ে আসা পানির ঢলে লাশগুলো ভেসে এসেছে।
গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ীতে বৃহস্পতিবার রাতে মাটির দেয়াল চাপায় দম্পতিসহ তিনজন মারা গেছেন। তারা হলেনু কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের রতনপুর নলিপাড়া গ্রামের ইমারত হোসেন (৬৫), তাঁর স্ত্রী আছিয়া বেগম (৫৬) ও কোনাবাড়ীর বাইমাইল এলাকার ফরিদুল ইসলাম (৬)। ফরিদুলের বাড়ি কুড়িগ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টানা বর্ষণে তলিয়ে যায় ময়মনসিংহ নগরীর বেশির ভাগ রাস্তাঘাট। হাঁটু থেকে কোমরপানিতে ভোগান্তি পোহান নগরবাসী। গতকাল বিকেলেও কিছু এলাকায় ছিল জলাবদ্ধতা। নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বাসায় হাঁটুপানিতে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন পলি (৬৫) নামে এক ব্যক্তি।
ময়মনসিংহের গফরগাঁওয়ের সতেরোবাড়ি গ্রামে গতকাল ভোরে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে সোহেল মণ্ডল (৪২) ও রাজিব মণ্ডল (৩৫) নামের দুই চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
যশোরের কেশবপুরে বৃষ্টিতে ভিজে মাটির দেয়াল ধসে পড়ে ইয়াসমিন খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নড়াইলের কালিয়ায় বিলে ঘাস কাটার সময় বজ্রপাতে আকরাম ফকির (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরের পানিতে ডুবে মহাম্মদ আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কুমিল্লার হোমনায় দুপুরে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ১৫ মাস বয়সী মানহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মুন্সিগঞ্জের গজারিয়ার চর কিশোরগঞ্জ খেয়াঘাটের কাছে মেঘনা নদীতে গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৬ জন নিখোঁজ হয়েছেন।
হবিগঞ্জের নবীগঞ্জের হাওরে দুপুরে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন সাদির আলী (৪৫)। ফরিদপুরের ভাঙ্গায় ঝোড়ো বাতাসে বসতঘরের ওপর গাছ পড়ে মারা যান অন্তঃসত্ত্বা ঝর্ণা বেগম (২০)। গতকাল দুপুরে তাঁকে নগরকান্দার পোড়াইদা গ্রামে দাফন করা হয়।
টর্নেডোয় লন্ডভন্ড ঘরবাড়ি
গোপালগঞ্জের মুকসুদপুরে বৃহস্পতিবার রাতে মাত্র এক মিনিটের টর্নেডোয় ৭০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। অন্তত ১৫ জন আহত হন। ফরিদপুরের আলফাডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া ৩০ সেকেন্ডের টর্নেডোয় ছয় গ্রামের শত শত বসতঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া সালথায় মাত্র তিন মিনিটের ঝড়ে অন্তত ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা।
রাস্তাঘাট-কৃষির ক্ষতি, পানিবন্দি হাজারো মানুষ
দু’দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। পানি উঠেছে বাসাবাড়িতেও। ডুবে গেছে বহু আমন, শাকসবজি। মানুষ থেকেছেন ঘরবন্দি। রাস্তায় দাঁড়িয়ে ও নিমজ্জিত জমিতে জাল পেতে অনেককেই মাছ ধরতে দেখা যায়। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে। হাসপাতাল, স্কুল-কলেজ, উপজেলা পরিষদ চত্বরসহ কয়েকশ ঘরবাড়ি ডুবে গেছে। পাবনার সাঁথিয়ায় কাশীনাথপুর রেলওয়ের বাইপাস সংযোগ সড়ক ধসে যাওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ রয়েছে যান চলাচল।
ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলেও তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জের তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর, কাপাসিয়া, দহবন্দ, শান্তিরাম ও কঞ্চিবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার বিভিন্ন চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে শতাধিক একর জমির ফসল বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে হাজারো একর ফসলি জমি এবং তিন শতাধিক বসতবাড়ি। করতোয়া নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় ফের শুরু হয়েছে ভাঙন।
টানা বৃষ্টিতে যশোর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়েছে। ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।
হবিগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা হয়েছে। শহরের প্রধান সড়ক ছাড়াও অলিগলিতে অথৈ পানি। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সরঞ্জাম। চলাচলেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। সার্কিট হাউস, সদর থানা মোড় ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের সামনেও জমেছে হাঁটুপানি।
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় ১০ হাজার পুকুর প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ কোটি টাকার মাছ ভেসে গেছে। হাজার হাজার মৎস্যচাষি দিশেহারা হয়ে পড়েছেন। তলিয়ে গেছে ময়মনসিংহের মুক্তাগাছা শহরের অলিগলি। বগুড়ার শেরপুরে গত চার দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঙালি ও করতোয়া নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডসহ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ২ হাজার পরিবার। পানিবন্দি পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।
বগুড়ার নন্দীগ্রামে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি। বসতবাড়িতেও হাঁটুপানি। ডুবে গেছে প্রায় ১০০ বিঘা মরিচক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। নাগর নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গুলিয়া হাই স্কুলসংলগ্ন নদীর বাঁধ ধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃষ্টি চলাকালে কল্যাণনগরে একটি খামারের প্রায় ৭০০ মুরগি মারা গেছে।











