আবারও একসঙ্গে সাইমন-পরীমণি
বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতি পর আবারও জুটি হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা পরীমণি। একসঙ্গে কাজ করবেন দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ’র ‘ডোডোর গল্প- Story of Dodo’ সিনেমায়। ইতিমধ্যেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। আর আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।
‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)। সিনেমায় ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস, পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরা চেষ্টা করব শতভাগ দিতে। আশা করছি, দর্শক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছেন।’
সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু করব। একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে রয়েছে।’











