দেশে খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে: খাদ্যমন্ত্রী
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বর্তমানে দেশে ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতা সম্পন্ন খাদ্যগুদাম রয়েছে। তা বাড়িয়ে ৩৫ লাখ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে কৃষকদের নিকট থেকে সরকারিভাবে আরও ফসল ক্রয় করে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার কৃষক বান্ধব সরকার।
আজ রোববার দুপুর ১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুরে ১ হাজার মেট্রিকটন ধারণক্ষমতার খাদ্যগুদামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর রহমান, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান, নওগাঁ ধান-চাউল আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার এবং মহাদেবপুর উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি বেলাল উদ্দিন মন্ডল।
খাদ্যমন্ত্রী বলেন, ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে সারাদেশে আরও ২০০টি প্যাডি সাইলো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করছে। ইতিমধ্যেই ৩০টি সাইলো নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব সাইলো সম্পূর্ণভাবে ডিজিটালইজড প্রক্রিয়ায় নির্মিত হচ্ছে। কৃষকরা ক্ষেত থেকে কাঁচা ধান সরাসরি এসব সাইলোতে দিলে প্রয়োজনীয় আদ্রতা নিশ্চিত হয়ে গুদামজাত হবে। এ ছাড়াও প্রতিটি গুদাম ডিজিটাইজড করে সরকারের কঠোর নজরদারী বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে উদ্যোগ নিয়েছেন তা বস্তবায়নের অংশ হিসেবে খাদ্য ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষেই এসব পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, শীঘ্রই নওগাঁয় একটি বাফার গুদাম নির্মাণের কাজ শুরু হবে। জেলার পাশ্ববর্তী সান্তাহারে অবস্থিত বাফার গুদাম থেকে সার উত্তোলন করতে গিয়ে নওগাঁর সার ডিলারদের নানা ভোগান্তির শিকার হতে হয়। কৃষিভিত্তিক জেলা নওগাঁর কৃষকদের নির্বিঘ্নে সার সরবরাহের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় খাদ্যমন্ত্রী ভোক্তাদের পলিশ করা চাউল খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি মিলারদের চাউর পলিশ প্রক্রিয়া থেকে মুক্ত থাকতে পরামর্শ দেন। কারণ হিসেবে তিনি জানান, চাউল পলিশ করলে চাউলের অপচয় হয়।
উল্লেখ্য, মহাদেবপুর উপজেলার চাউল কল মালিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরস্বতীপুরে এক একর জমির ওপর ২ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৮৬৮ টাকা ব্যয়ে এলএসডি গুদামটি নির্মাণ করে খাদ্য বিভাগ।











