বাথরুমে রেখেছিলেন পারমাণবিক নথি, বিপাকে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনির দশা কাটছেই না। একের পর এক অভিযোগে অভিযুক্ত হচ্ছেন। এবার ট্রাম্পের বিরুদ্ধে দেশটির পারমাণবিক গোপনীয়তা ও সামরিক পরিকল্পনাসহ শত শত রাষ্ট্রীয় গোপনীয় নথির অব্যবস্থাপনার কারণে অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
মার্কিন স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রকাশ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচির গোপন নথি নিজের ব্যক্তিগত বাসভবনের বাথরুমে রেখেছিলেন।
বিবিসি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগে তাকে তার ফ্লোরিডার বাড়ির বলরুম ও ওয়াশরুমসহ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় গোপনীয় নথি রাখা, তদন্তকারীদের কাছে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের কাছে থাকা গোপন নথিতে মার্কিন পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিস্তারিত ছিল। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর নিরাপত্তার ক্ষেত্রে ঘাটতির দিক এবং আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র সামরিক হামলার মাধ্যমে কীভাবে পাল্টা জবাব দেবে তাও উল্লেখ ছিল। এতে আরও বলা হয়েছে, গোপনীয় এসব নথি বেহাত হলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ত।
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে লড়াইয়ে ঘোষণা দেওয়া ট্রাম্প অন্যায় কিছু করার কথা অস্বীকার করেছেন। ট্রাম্প ছাড়াও মার্কিন বিচার বিভাগ তার ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নাউটার বিরুদ্ধেও অভিযোগ এনেছে।
বিবিসি বলেছে, ৮৯ পৃষ্ঠার অভিযোগনামায় প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফেডারেল অভিযোগ আনা হয়েছে।
মার্কিন তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের দপ্তর ছেড়ে ট্রাম্প যখন যান তখন তিনি প্রায় ৩০০ গোপনীয় ফাইল ফ্লোরিডার পাম বিচে তার সমুদ্র তীরবর্তী মার-এ-লগো বাসভবনে নিয়ে যান।
আরও পড়ুন: গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প
এদিকে ট্রাম্প ইতোম্যেধই নিউ ইয়র্কে আরেকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আছেন। আগামী মার্চে এর বিচার শুরু হওয়ার কথা।











