পাকিস্তানে পুলিশের ওপর নির্বিচারে গুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে সোয়াতের মিঙ্গোরা শহরের সবজি মান্ডি এলাকায় আজ বৃহস্পতিবার পুলিশের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে অন্তত দুইজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক নিরাপত্তা রক্ষী। দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর ডনের।
খাইবার পাখতুনখোয়ার পাবলিক রিলেশন অফিসার মঈন ফায়াজ বলেন, মিঙ্গোরা শহরের সবজি মান্ডি এলাকায় পুলিশ সদস্যরা রুটিন দায়িত্বে ছিলেন। সেই সময় কিছু অজ্ঞাত বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়।
ঘটনাস্থলেই উমরা খা এবং আশরাফ আলি নিহত হন এবং একজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে জানান মঈন। এই কর্মকর্তা জানান, হামলা চালানোর পরেই বন্দুকধারীরা পালিয়ে যায়। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি অভিযান শুরু করেছে।
সোয়াত জেলা পুলিশ অফিসার সাইফুল্লাহ ডনকে বলেছেন, বন্দুকধারীদের খুঁজতে তল্লাশি অভিযান চলছে। খাইবার পাখতুনখোয়া পুলিশ এ ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছে।
এর একদিন আগে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন এক পুলিশ কর্মকর্তা। একইদিনে গারাড় গুলদাদ এলাকায় পুলিশের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পাকিস্তান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
আরও পড়ুন: জ্বলছে পাকিস্তান, প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা
সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অপর সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে দেশটির খাইবার পাখতুন খোয়া ও বেলুচিস্তানে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল নেওয়ার পর থেকে গত ২১ মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ ৭৩ শতাংশ বেড়েছে।











