উত্তর কোরিয়াকে জাপানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগামী ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। এরপরেই আজ সোমবার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে সতর্ক অবস্থায় রেখেছে জাপান। সেইসঙ্গে দেশটি হুঁশিয়ারি দিয়েছে, ভূখণ্ডের জন্য যেকোনো হুমকিস্বরূপ বস্তকে তারা ভূপাতিত করবে। খবর সিএনবিসির।
পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়া বলছে, তারা তাদের প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট তৈরির কাজ সম্পন্ন করেছে। সর্বোচ্চ নেতা কিম জং উন এটি উৎক্ষেপণের চূড়ান্ত প্রস্তুতির অনুমোদন দিয়েছে।
জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ভূখণ্ড দিয়ে ক্ষেপণাস্ত্র (স্যাটেলাইট) যেতে পারে বলে সরকার আশংকা করছে। এ ধরনের কোনো বস্তু দৃষ্টিগোচর হলে তা ভূপাতিত করা হবে।
সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আসছে উত্তর কোরিয়া। চলতি মাসেই দেশটির একটি সামরিক স্যাটেলাইট স্থাপনা পরিদর্শন করেছেন কিম
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেছেন, উত্তর কোরিয়ার যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল রেজ্যুলেশনের চরম লঙ্ঘন।











