কাবুল বিমানবন্দরে হামলার ‘পরিকল্পনাকারী’ আইএস নেতাকে হত্যা করেছে তালেবান
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালে আত্মঘাতী বোমা হামলার ‘পরিকল্পনাকারী’ হিসেবে ইসলামিক স্টেটের (আইএস) যে নেতাকে দায়ী বলে মনে করা হয় তাকে হত্যা করেছে তালেবান। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টে তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তান ছেড়ে যেতে কাবুলে বিমানবন্দরে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। সে সময় সেখানে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন।
মার্কিন কর্মকর্তারা বিবিসির ইউএস নিউজ পার্টনার সিবিএসকে বলেন, ইসলামিক স্টেটের ওই নেতাকে কয়েক সপ্তাহ আগেই হত্যা করা হয়। কিন্তু সে তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে। হত্যার শিকার ওই আইএস নেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
গোয়েন্দা তথ্য এবং সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।কিন্তু কীভাবে তারা জানতে পেরেছেন বা কে সেই হামলাকারী- এসব বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি।
ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, ‘সরকারের বিশেষজ্ঞরা এ ব্যাপারে খুবই আস্থাশীল যে, এই ব্যক্তিই আদতে বোমা হামলার জন্য মূল দায়ী ব্যক্তি।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইএসের ওই নেতার হত্যার বিষয়টি প্রথম মার্কিন কর্মকর্তারা জানতে পারেন এপ্রিল মাসের শুরুর দিকে। তাকে তালেবান খুঁজছিল নাকি তালেবানের সাথে কোননো সংঘর্ষে ওই নেতা নিহত হয়েছেন তা পরিষ্কার নয়।
বিমানবন্দরে বোমা হামলায় দায়ী আইএস নেতার হত্যার বিষয়ে সোমবার থেকে নিহত মার্কিন সেনাদের পরিবারকে অবহিত করতে শুরু করেছেন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সরকার সহায়তা করে গেলেও মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আফগান সরকার ও সেনাবাহিনীর পতন ঘটে। আর সেই সঙ্গে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যায়।











