বাস নেই, তবুও টিকিট বিক্রি
বেশকিছু পরিবহন কোম্পানি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উপকণ্ঠে চলাচলকারী ভাঙাচোরা লোকাল বাস ভাড়া নিয়ে দূরপাল্লার রুটে ঈদযাত্রায় কাজে লাগানোর ফন্দি এঁটেছে
ঈদে যাত্রী পরিবহনের টার্গেট নিয়ে লোকাল রুটের ভাঙাচোরা বাসে রং দেয়া হচ্ছে। দূরপাল্লার বিভিন্ন রুটের নামিদামি পরিবহন বাসের ঈদের টিকিট আগেভাগেই ফুরিয়ে গেলেও তাদের অনেকের টিকিট বিক্রি এখনো বন্ধ হয়নি। কোনো কোনো পরিবহন রীতিমতো ঢাকঢোল পিটিয়ে ঈদের আগের সর্বোচ্চ চাহিদার (১৪, ১৫, ১৬ জুলাই) টিকিট নিজস্ব কাউন্টার থেকে উচ্চমূল্যে বিক্রি করছে। আবার কেউ কেউ নিজেরা ঝুঁকি না নিয়ে বিপুলসংখ্যক টিকিট কৌশলে কালোবাজারিদের হাতে ধরিয়ে বাড়তি ধান্ধার ফাঁদ পেতেছে। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোকাল রুটের ভাঙ্গাচোরা বাস ভাড়া করে যাত্রী পরিবহনের টার্গেট নিয়েই এ বাড়তি টিকিট ছাড়া হচ্ছে। যদিও যাত্রীদের কাছে এ কারসাজির পুরো বিষয়টি গোপন রাখা হচ্ছে। পরিবহনসংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি শুরুর দু'তিনদিন আগে ঢাকাসহ অধিকাংশ মহানগরী থেকে বিভিন্ন শহরগামী সড়কপথে ঘরমুখো মানুষের ঢল নামলে ভাঙাচোরা মহাসড়কে নিশ্চিত ভয়াবহ যানজটের সৃষ্টি হবে। আর এ কারণে আন্তঃজেলা কোচ সার্ভিসের বাসগুলোর অতিরিক্ত ট্রিপ দেয়ার সুযোগ নেই। এমনকি তাদের নিজস্ব বাসগুলো নির্ধারিত ট্রিপ দিতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। এ সুযোগে বেশকিছু পরিবহন কোম্পানি ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরের উপকণ্ঠে চলাচলকারী ভাঙাচোরা লোকাল বাস ভাড়া নিয়ে দূরপাল্লার রুটের ঈদযাত্রায় কাজে লাগানোর ফন্দি এঁটেছে। রোববার রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, ফকিরাপুল, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বেশকিছু কাউন্টার থেকে ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের টিকিট বিক্রি করছে। অথচ এদের অনেকেই শুক্রবার রাতেই ঈদযাত্রার সর্বোচ্চ চাহিদার এসব দিনের টিকিট শেষ বলে ঘোষণা দিয়েছিল। তা হলে নতুন করে এসব টিকিট এলো কোত্থেকে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা কেউই দিতে চাননি। তবে টিকিট কাউন্টারের কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ জানান, ঈদযাত্রার বহরে অতিরিক্ত গাড়ি যোগ করা হয়েছে; তাই নতুন করে টিকিট দেয়া হচ্ছে। যদিও এসব গাড়ি কোত্থেকে আনা হচ্ছে, তা তারা জানেন না। খোঁজ নিয়ে জানা গেছে, দূরপাল্লার অধিকাংশ পরিবহন কোম্পানিই ৩০/৩৫টি করে লোকাল বাস ভাড়া নিয়েছে। তবে এ প্রতিযোগিতায় ঢাকা-যশোর, ঢাকা-খুলনা ও ঢাকা-চট্টগ্রাম রুটের পরিবহন কোম্পানিগুলো বেশি এগিয়ে রয়েছে। তাদের কেউ কেউ ৫০/৬০টিরও বেশি লোকাল বাস ভাড়া নিয়ে তারা ঈদযাত্রার টিকিট বিক্রি করছে। পরিবহন মালিকদের অনেকেই এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও বেশকিছু লোকাল বাস শ্রমিক তা নির্দ্বিধায় স্বীকার করেন। ঢাকা-আরিচা রুটে চলাচলকারী নবদিগন্ত পরিবহনের শ্রমিক জালাল মিয়া জানান, তাদের বাসটি ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের জন্য ঢাকা-যশোর রুটের একটি নামিদামি কোম্পানি ভাড়া নিয়েছে। যদিও তারা যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাট পর্যন্ত যাবেন। পরে যাত্রীরা লঞ্চ পার হয়ে ওপার থেকে অন্য বাসে চড়ে যশোর পেঁৗছাবেন। জালালের ভাষ্য, তাদের গাড়ির মতো আরো অনেক লোকাল গাড়ি ভাড়া করা হয়েছে। ঈদের আগে লোকাল রুটে যাত্রী তেমন না থাকায় বাস মালিকরাও এ সুযোগ আগ্রহভরে লুফে নিচ্ছেন। এ দলে যোগ দিতে লোকাল রুটের বেশকিছু ভাঙাচোরা গাড়িও ঘষেমেজে রঙচঙ করা হচ্ছে বলেও জানান জালাল মিয়া। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, দূরপথের যাত্রায় নাজুক লোকাল বাস চালানোর ফন্দি ঠেকানো না গেলে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে। লক্কড়-ঝক্কড় এসব বাস আকস্মিক বিকল হয়ে সড়ক-মহাসড়কে ভয়ংকর যানজটের সৃষ্টি করবে। এছাড়া ভাঙাচোরা এসব যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে বড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা রয়েছে। এতে ওই গাড়ির যাত্রীদের সঙ্গে অন্যরাও ভোগান্তিতে পড়বে বলে মনে করেন পরিবহনসংশ্লিষ্টরা। এদিকে, দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, লোকাল বাস ভাড়া করে দূরপাল্লার রুটে চালানোর পরিকল্পনা নিয়ে ঈদযাত্রার বাড়তি টিকিট বিক্রির খবর পেয়ে হাইওয়ে পুলিশসহ অনেকেই উৎকোচের রেট ঠিকঠাক করার তোড়জোড়ে নেমেছে।
যদিও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, এটি তাদের দেখার কোনো বিষয় নয়। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ) এর দেখভাল করে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তারা এ ব্যাপারে বিআরটিএ-কে অবহিত করবে। তারা এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
হাইওয়ে পুলিশের মাঠপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যায়যায়দিনকে বলেন, এটি নতুন কোনো ঘটনা নয়। প্রতিবছর ঈদেই দূরপাল্লার পরিবহন কোম্পানিগুলো লোকাল বাস ভাড়া করে বাড়তি টাকা কামায়। আর নামিদামি গাড়ির টিকিট কেটে ভাঙাচোরা গাড়িতে চড়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বচসা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। এদিকে ঢাকা-খুলনা, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচলকারী সোহাগ, এস আলম, শ্যামলী ও হানিফ এন্টারপ্রাইজসহ বেশ কয়েকটি স্বনামধন্য পরিবহন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজট ও বিভিন্ন স্থানে রাস্তার বেহাল দশার কারণে ঈদ উপলক্ষে তারা কোনো রিজার্ভ বাস নামাচ্ছে না। সোহাগ পরিবহনের এক কর্মকর্তা জানান, ঢাকা থেকে যশোর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল যাওয়ার জন্য একটি রুট ব্যবহার হয়। সড়কের বেশকিছু স্থানে খানাখন্দ থাকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদের আগে তা আরো ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা রয়েছে। তাই ওই সময় নির্ধারিত সিডিউলে কোনো ট্রিপ ঘুরে আসা অসম্ভব হয়ে দাঁড়াবে। এসব দিক বিবেচনা করে কোনো রিজার্ভ বাস তারা রাস্তায় নামাচ্ছেন না। সোহাগ পরিবহনের ওই কর্মকর্তার ভাষ্য, তাদের ১৪, ১৫ ও ১৬ জুলাইয়ের সব টিকিটের বিক্রি শেষ। তাদের কাউন্টার থেকে এসব দিনের কোনো টিকিট বিক্রি হচ্ছে না। তবে দু'চারজন কালোবাজারির কাছে ৫/১০টি টিকিট থাকতে পারে। তারা তা নিজ দায়িত্বে বিক্রি করছে। হানিফ এন্টারপ্রাইজের জিএম মো মোশাররেফ হুসাইন বলেন, ঈদযাত্রায় তাদের প্রায় ৬শ বাস পরিবহন সেবা দেবে। তবে রাস্তায় যদি যানজট কম থাকে তাহলে হয়তো এক থেকে দেড়শ' অতিরিক্ত বাস নামানোর সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত মুনাফা লাভের ধান্ধায় তারা তাদের বিলাসবহুল কোচে পরিবহন সেবা দেয়ার কথা বলে কোনো লোকাল বাস ভাড়া করে যাত্রী ঠকাবেন না। এদিকে, যারা নামিদামি কোম্পানির পরিবহনের টিকিটের মূল্য দিয়ে আসলে লোকাল বাসের টিকিট কিনেছেন, তারা তা জানার পর অনেকের মাঝেই এ নিয়ে তেমন হতাশা কিংবা ক্ষোভ নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 'লোকাল বাস হোক কিংবা ভাঙাচোরা বাস হোক, তা-ও তো ঈদের আগে বাড়ি ফেরার টিকিট পেয়েছি_ এটাই অনেক কিছু। পথে কিছুটা ভোগান্তি হয়তো পোহাতে হবে, তবুও তো প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারব। তবে এ ব্যাপারে পরিবহনসংশ্লিষ্টরা প্রতারণার আশ্রয় না নিলেও পারত বলে যোগ করেন শরিফুল। যমুনা ব্যাংকের সিনিয়র অফিসার শাহরিয়ার জামান বলেন, টিকিট কেনার আগেই 'লোকাল বাসের' বিষয়টি তিনি জেনেছেন। কিন্তু উপায়ান্তর না পেয়ে তিনি সে টিকিটই কিনতে বাধ্য হয়েছেন। স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দেয়ায় ঈদের আগে হয়তো তাকেই শুধু পথের ভোগান্তি পোহাতে হবে। তাই এ নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন না বলে জানান তিনি। তবে উচ্চমূল্যে টিকিট কেটে শেষ পর্যন্ত যদি তাকে লোকাল বাসে চড়তে হয় তবে তিনি তুলকালাম কা- বাঁধিয়ে ছাড়বেন বলে হুমকি দেন সিদ্ধেশরী কলেজ ছাত্রলীগের এক নেতা। তিনি বলেন, এটি সুস্পষ্ট প্রতারণা। এভাবে যাত্রী ঠকানোর অধিকার পরিবহন মালিক-শ্রমিকদের নেই। এদিকে হাইওয়ে ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ রমজানের পর থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ার পর বিভিন্ন রুটে দুই শতাধিক ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে এক-তৃতীয়াংশ দুর্ঘটনার নেপথ্যে লোকাল বাস দায়ী। এছাড়া মহাসড়কে যানজটের জন্যও লোকাল বাসকে দায়ী করেন হাইওয়ের মাঠপর্যায়ের কর্মকর্তারা। তবে লোকাল বাসের মালিক ও চালকরা বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, ভাঙাচোরা রাস্তার কারণে বেশি যানজট সৃষ্টি হচ্ছে।











