ডা. জাফরুল্লাহ এখনো মাঝে-মধ্যে অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শ্বাসকষ্ট থাকায় মাঝে-মধ্যে অক্সিজেন সাপোর্ট নিচ্ছেন তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু সোমবার সকালে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ডা. জাফরুল্লাহ সকালে নাস্তা খেয়েছেন। ওনার শরীরে জ্বর নেই। তবে শ্বাসকষ্ট থাকায় মাঝে মাঝে অক্সিজেন সাপোর্ট লাগছে।’
আগে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস লাগলেও পরিস্থিতি সাপেক্ষে ডা. জাফরুল্লাহর প্রতিদিন ডায়ালাইসিস করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রি. জেনারেল অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।











