সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান
নিজস্ব প্রতিবেদক : সরকারের কার্যক্রমে সবকিছুর সমালোচনা না করে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, বিপুল পরিমাণ বৈদেশিক ঋণের দায় নিয়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। এই ঋণের বোঝা শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে। তাই দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে প্রয়োজনীয় সময় ও সহযোগিতা দেওয়া উচিত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের গত এক মাসের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই সব বিষয়ে সমালোচনা না করে আগের সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের বোঝার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন।
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় মনিটরিং : সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। এর প্রভাব বিদ্যুৎ খাতেও পড়েছিল।
তার ভাষ্য, প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়ার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও করেছেন। গ্যাস সরবরাহের অবস্থা নজরদারিতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। কোন এলাকায় কতটুকু গ্যাসের চাপ রয়েছে এবং গ্রাহকেরা কী পরিমাণ গ্যাস পাচ্ছেন, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি বলেন, সমস্যা সমাধানে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের অভিযোগ
সরকারের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করেন আতিকুর রহমান রুমন।
সম্প্রতি একটি পুরোনো মন্দির সংস্কারের জন্য ভেঙে ফেলার ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি। রুমনের ভাষ্য, পরে খোঁজ নিয়ে জানা যায়, পুরোনো স্থাপনাটি দুর্ঘটনার ঝুঁকি তৈরি করায় সংস্কারের অংশ হিসেবে সেটি ভাঙা হচ্ছিল।
তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনভাবে প্রচার করা হয়েছে, যেন সরকার মন্দিরটি ভেঙে ফেলছে—এমন অভিযোগ করেন তিনি।
রুমন বলেন, সব সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী বা সংবাদমাধ্যমকে তিনি দোষারোপ করছেন না। নিজেও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করেন তিনি।
সংবাদপত্রের স্বাধীনতার প্রসঙ্গ : প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করেন বলেও দাবি করেন তার অতিরিক্ত প্রেস সচিব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দুই দিন আগ পর্যন্ত তারেক রহমান একটি জাতীয় দৈনিকের মালিক ও প্রকাশক ছিলেন। তার দেশত্যাগের কয়েক মাস আগে আগের সরকার বিভিন্ন কারণ দেখিয়ে পত্রিকাটি বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেন রুমন। এর ফলে ওই প্রতিষ্ঠানের অনেক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের গবেষণামূলক কাজের প্রসঙ্গ তুলে রুমন বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর আগে বনানীর একটি কার্যালয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকার কৃষি, ফসল, মাছ চাষ ও পরিত্যক্ত পুকুরসহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করা হতো। সে সময়ের নথিপত্র এখনো প্রধানমন্ত্রীর কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি।
‘ক্লিন বাংলাদেশ’ গড়ার আহ্বান : দেশের উন্নয়ন ও বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে একটি সুন্দর, সুসজ্জিত ও ‘ক্লিন বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব।
এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।











