করোনা : স্থগিত বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবারের সারাদেশে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি।
করোনাভাইরাসের কারণে এই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সমাবেশ স্থগিতের পাশাপাশি মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটাও বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রবিবার বিকেলে আইইডিসিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে তিনজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।











