বেঞ্চে বসা নিয়ে সংঘর্ষ : গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে একটি দোকানের বেঞ্চে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রনি হওলাদার (১৫) নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রনি শেখ বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। রনি এ বছরে বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দোকানে বেঞ্চের বসাকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম ও ওলু শিকদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আজিজুল মেম্বারের বন্দুক থেকে ছোড়া গুলিতে রনি হওলাদার মারা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।











