রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ছাত্র নিখোঁজ : ৮ অপহরণকারী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসা থেকে বের হওয়ার পর দুই ছাত্র নিখোঁজের ঘটনায় অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার ওই দুই ছাত্র বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তারা মোহাম্মদপুর থেকে আগারগাঁওয়ের আইডিবি ভবনে ল্যাপটপ কিনতে গিয়েছিলেন।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন-তানজিম আল ইসলাম দিবস (১৭) ও মো. খালিদ হাসান ধ্রুব (১৯)।

ধ্রুব ঢাকা কলেজের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং তার ভাতিজা দিবস একটি ইংরেজি মাধ্যম স্কুলের এ লেভেলের শিক্ষার্থী।

মো. মাসুদুর রহমান জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর অপহরণের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত ছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে অস্ত্র, পুলিশের পোশাক ও ওয়াকিটকিসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।