রোহিঙ্গা শরণার্থীদের তাড়াবে ভারত
নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ভারতে কোনো জায়গা নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। তিনি জানান, মিয়ানমার থেকে পালিয়ে এসে জম্মুতে আশ্রয় নিয়েছেন বহু রোহিঙ্গা। কিন্তু তাদের এ দেশের নাগরিকত্ব দেওয়া হবে না। বরং ঝাড়াই-বাছাই করে ফেরত পাঠানোর কাজ শুরু হবে শিগগির।
গতকাল শুক্রবার শ্রীনগরে সরকারি কর্মীদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এক অনুষ্ঠানে সংশোধিত নাগরকিত্ব আইন (সিএএ) নিয়ে আলোচনার সময় এমন মন্তব্য করেন জিতেন্দ্র সিংহ।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘সংসদে বিল পাস হয়ে যাওয়ার দিন থেকেই জম্মু-কাশ্মীরে সিএএ চালু হয়ে গেছে। এ নিয়ে কোনো যদি, কিন্তুর ব্যাপার নেই। এবার রোহিঙ্গাদের নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে সরকার।’
মিয়ানমারে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েই দেশ ছেড়েছেন রোহিঙ্গা মুসলিমরা। তাদের একটি বড় অংশ বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। ফাক ফোকর গলে ভারতেও ঢুকে পড়েছেন অনেকে। পশ্চিমবঙ্গ, বিহার পেরিয়ে তাদের একটা অংশ জম্মুতে আশ্রয় নিয়েছেন বলেও দাবি করেন জিতেন্দ্র সিংহ।
কেন্দ্রীয় ওই মন্ত্রীর দাবি, সংশোধিত নাগরিকত্ব আইনে শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথাই বলা রয়েছে। মিয়ানমার বা রোহিঙ্গাদের কোনো উল্লেখ নেই তাতে। তাই তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না।
জিতেন্দ্র সিংহ বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পরিকল্পনা চলছে। তাদের একটি তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে তৈরি করা হবে বায়োমেট্রিক পরিচয়পত্রও। কারণ সংশোধিত নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদর কোনো সুবিধা দেওয়ার কথা বলা নেই। প্রতিবেশী তিন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার যে ছয়টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, রোহিঙ্গারা তার মধ্যে পড়ে না।’ বাংলা, বিহারের মতো একাধিক রাজ্য পেরিয়ে রোহিঙ্গারা জম্মু পৌঁছালেন কীভাবে, তাদের টিকিটের খরচই বা কে জোগাল এবং এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা উচিত।’
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানায়, জম্মু এবং সাম্বা জেলায় এই মুহূর্তে ১৩ হাজার ৭০০ বিদেশি রয়েছেন, যার মধ্যে রয়েছেন রোহিঙ্গা মুসলিম এবং বেশ কিছু বাংলাদেশি নাগরিকও। ২০১৬ সালের হিসাব দেখিয়ে বলা হয়েছে, তার আগের আট বছরেই এই সংখ্যাটা প্রায় ছয় হাজার বেড়েছে। মূলত রোহিঙ্গা শরণার্থীরা এসে ভিড় করাতেই সংখ্যাটা এত বেড়ে গিয়েছে বলে দাবি বিজেপি, জম্মু-কাশ্মীর ন্যাশনাল প্যান্থার্স পার্টি (জেকেএনপিপি), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) মতো একাধিক রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের। তাই রোহিঙ্গাদের তাড়ানোর দাবিতে সরব তারা।
গত ১১ ডিসেম্বর ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস হয়ে যাওয়ার পর দেশটির বিভিন্ন প্রান্তে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিতর্কিত এই নাগরিকত্ব আইনের বিরোধীতায় শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানি ঘটেছে।











