দুই ধাপ বাকি আজহারের মৃত্যুদণ্ড কার্যকরে
নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখন এ জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকরে বাকি থাকল দুটি ধাপ।
নিয়ম অনুযায়ী, আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবেন তিনি। রিভিউ খারিজ হলে শেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন এটিএম আজহারুল।
সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে জামায়াত নেতা আজহারুল ইসলামের রায় বহাল থাকায় তার দণ্ড কার্যকরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার অপেক্ষা এখন।
রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রিভিউ নিষ্পত্তির পর ট্রাইব্যুনাল বিচারিক আদালত থেকে তার মৃত্যুপরোয়ানা জারির পর মার্সি পিটিশন বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটি এর মধ্যে বিদ্যমান।
যদিও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, রায় লিখেই বিচারপতিরা এটিএম আজহারুল ইসলামের দণ্ড ঘোষণা করেছেন। এখন রায় প্রকাশের অপেক্ষা। তবে, এটাও দেখার পালা যে, রায় প্রকাশের পর আসমিপক্ষ রায়ের রিভিউ আবেদন করবেন কি-না? রিভিউ করার পর তা নিষ্পত্তি এবং রিভিউ নিষ্পত্তির পর পরোয়ানা জারি করবেন ট্রাইব্যুনাল। পরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিধান রয়েছে। এর পরপরই দণ্ড কার্যকর হবে।
রিভিউ নিষ্পত্তি হলে সরকারের সিদ্ধান্তে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শুরু হবে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের তোড়জোড়। অবশ্য শেষ আইনি সুযোগ হিসেবে এটিএম আজহারুল ইসলাম তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার আবেদন জানাতে পারবেন। সেটি না করা হলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাকে ফাঁসির দড়িতে ঝোলানোর ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।











