ফাঁসির রায় শুনে কাঁদতে কাঁদতে বের হলেন সিরাজ উদদৌলা
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদদৌলা হাস্যোজ্জ্বলভাবে আদালত প্রাঙ্গণে প্রবেশ করলেও ফাঁসির রায় শুনে বের হওয়ার সময় তাকে কাঁদতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ সিরাজসহ এই মামলার ১৬ আসামিকে প্রিজনভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয়। প্রিজনভ্যান থেকে নামার সময় অধ্যক্ষ সিরাজ হাসিমুখেই ছিলেন। হাসতে হাসতে তিনি আদালতের এজলাসে যান। রায় ঘোষণার আগ পর্যন্ত তার মুখে হাসি ছিল।
তবে আদালতে নিজের প্রাণদণ্ডের আদেশ শুনে কাঁদতে শুরু করেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা।
সকাল ১০টা ৫৫ মিনিটে অধ্যক্ষ সিরাজসহ আসামিদের এজলাসে আনা হয়। তিন মিনিটের মধ্যে তাদের কাঠগড়ায় তোলা হয়। এরপর বেলা ১১টা ৮ মিনিটে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ রায় পড়তে শুরু করেন। বিচারক অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ১২ মিনিটের মধ্যেই বিচারক রায় পড়া শেষ হয়। আর এরপরই অধ্যক্ষ সিরাজের মুখে হাসির মিলিয়ে যায় এবং কাঁদতে শুরু করেন।
উল্লেখ্য, গত ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় নুসরাতের মা শিরিনা আক্তার বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করলে অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় বোরকা পরা পাঁচ দুর্বৃত্ত। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যু হয়।
এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত ২৮ মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে মাদ্রাসার অধ্যক্ষসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে ৮৬৯ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে। মাত্র ৬১ কার্যদিবসে মামলার কার্যক্রম শেষ হয়। আর মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে পিবিআইয়ের লাগে ৩৩ কার্যদিবস।











