মশা নিধনের তৎপরতা বাড়লেও ডেঙ্গু আক্রান্ত কমছে না
এইডিস মশা নিধনে তৎপরতা বাড়লেও প্রায় প্রতিদিনই দেড় হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬২৬ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।এর আগের দুই দিন নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কম ছিল মঙ্গলবার এক হাজার ৫৭২ এবং সোমবার এক হাজার ৬১৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
গত জুনে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর ব্যাপকতা বাড়ে জুলাইয়ে, সরকারি হিসাবেই রেকর্ড ১৬ হাজার ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে অগাস্টের প্রথম সপ্তাহে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি হয়ে ওঠে, ৭ অগাস্ট একদিনে সর্বোচ্চ দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এই অবস্থা চলতে থাকে সপ্তাহখানেক, প্রতিদিনই দুই হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে যান। ডেঙ্গু আক্রান্তের সংখ্যার গ্রাফে অবনমন ঘটে ঈদের পরদিন, ১৩ অগাস্ট মাত্র এক হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হন। তবে তার পরের দিন থেকেই আবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে একদিন এক হাজার ৪৬০ জন হলেও বাকি দিনগুলোতে সংখ্যাটি দেড় হাজারের বেশিই রয়েছে।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৭৪ জনের মৃত্যুর তথ্য পেয়েছে ।ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের রিপোর্ট নিতে দীর্ঘ সারি। এদের বেশিরভাগই ডেঙ্গুর জন্য রক্ত পরীক্ষার রিপোর্ট। ছবি: আসিফ মাহমুদ অভি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজধানীতে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমলেও সারা দেশে বেড়ে গেছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় ৭১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল সাড়ে সাতশ। এদিন ঢাকার দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৯১৫ জন।তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছে।
বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে চিকিৎসাধীন আছেন ছয় হাজার ২৭৮ জন। রাজধানীতে তিন হাজার ৩৬০ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৯১৮ জন।এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ছয় হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ঢাকায় তিন হাজার ৪১৩ জন এবং দেশের অন্যান্য হাসপাতালে তিন হাজার ৫৭ জন ভর্তি ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে যত রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার থেকে বেশি রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
রাজধানীতে ভীর্ত হয়েছেন ৭১১ জন। আর, সুস্থ হয়ে ফিরে গেছেন ৭৬৪ জন। দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৫৪ জন।
রাজধানী বাইরে ঢাকা বিভাগে ২৯৫ জন, খুলনা বিভাগে ১৭৫ জন, বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫২ জন, রংপুর বিভাগে ৪০ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম











