নাটোরের ঐতিহ্যের সাক্ষী উত্তরা গণভবন
লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের উত্তরা গণভবন প্রাচীন স্থাপত্যকলা আর ঐতিহ্যের সাক্ষী এ নিদর্শন। প্রায় তিনশ’ বছরের প্রাচীন ইতিহাস-ঐতিহ্যের সৌন্দর্যময় এ ভবন আজোও কালের সাক্ষী হয়ে উত্তরা গণভবন নামে দেশব্যাপী এক নামে পরিচিত। এখানে একসময়ে শোনা যেত নূপুরের ঝঙ্কার, সঙ্গে সুরের মূর্ছনা। ছিল পাইক-পেয়াদায় কর্মচাঞ্চল্য, আরো ছিল বিত্তবৈভবের ঝলক। কিন্তু এখন আর এসব নেই। কালের সাক্ষী (দিঘাপতিয়া রাজবাড়ি) বর্তমানে উত্তরা গণভবন নাম নিয়ে আজো স্মৃতি বহন করে চলেছে।
১৯৭২সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ রাজবাড়ীকে উত্তরা গণভবন ঘোষণা করেন। বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখে ছিলেন এ নাটোর কে নিয়ে। এবং ঢাকার বাহিরে প্রধানমন্ত্রীর একমাত্র সরকারী বাসভবন। ভবনটির সামনে এলে সবাইকে থমকে যেতে হয়। দৃষ্টিনন্দন সুদৃশ্য বিশাল সিংহদুয়ার বা ফটক। এর ওপরে স্থাপিত এক ঘড়ি, যা ঘণ্টা বাজিয়ে আজো এলাকার মানুষকে সঠিক সময় জানান দিয়ে আচ্ছে। উত্তরা গণভবনে প্রবেশের এটিই একমাত্র পথ। চার দিকে সুউচ্চ প্রাচীর ও পরিখার বেষ্টনী, দেশী-বিদেশী দুষ্প্রাপ্য অনেক বৃক্ষরাজি, ইটালিয়ান গার্ডেনের শ্বেতপাথরের ভাস্কর্যশোভিত দৃষ্টিনন্দন বিশাল এ রাজপ্রাসাদ।
দিঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়ারাম রায়। ১৭১০-১৯৪৭ সাল পর্যন্ত এই রাজবংশের রাজা দয়ারাম রায়, জগন্নাথ রায়, প্রাণনাথ রায়, প্রসন্ননাথ রায়, প্রমথনাথ রায়, প্রমদানাথ রায়, প্রতিভানাথ রায়, অষ্টম ও বংশের শেষ রাজা প্রভাতনাথ কুমার কৃতিত্বের সঙ্গে রাজ্য শাসন করে ইতিহাসের পাতায় এখনো অমর হয়ে রয়েছেন। জেলা সদর থেকে প্রায় পৌনে দুই কিলোমিটার উত্তরে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে রাজা দয়ারাম রায় দিঘাপতিয়া রাজপ্রাসাদ নির্মাণ করেন। প্রাচীরের বাইরের ফটকের সামনে রয়েছে ২.৮৯ একর জমি। রাজা প্রমদানাথ রায়ের সময় ১৮৯৭ সালে ১০ থেকে ১২ জুন তিন দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন নাটোরের ডোমপাড়া মাঠে শুরু হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরসহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে যোগ দেন। কিন্তু অধিবেশনের শেষ দিন ১২ জুন ১৮ মিনিটব্যাপী প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজপ্রাসাদ ধ্বংসে পরিণত হয়।
এ প্রাসাদ ধ্বংস হলে ১৮৯৭-১৯০৮ সাল পর্যন্ত সময়ে বিদেশী প্রকৌশলী চিত্রকর্ম বিশেষজ্ঞ শিল্পীদের সহায়তায় ৪১.৫০ একর জমির ওপর এ রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় রাজবাড়িটি পুনর্র্নিমাণ করেন। চার দিকে সীমানা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত স্থানে বিশেষ কারুকাজখচিত মূল ভবনসহ ছোট-বড় মোট ১২টি ভবন নির্মাণ করেন ষষ্ঠ রাজা প্রমদানাথ। মুঘল ও প্রাশ্চাত্য রীতি অনুসারে নান্দনিক কারুকার্যময় প্রাসাদটিকে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন।
দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ছাড়াও এখানে রয়েছে মোট ১২টি ভবন। এগুলো হচ্ছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, প্রধান কাচারিভবন, তিনটি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, ট্রেজারি বিল্ডিং ও সেন্ট্রি বক্স। প্যালেসের দিণ রয়েছে ফুলের বাগান। এ বাগানটি ইতালিয়ান গার্ডেন নামে পরিচিত। দেশী-বিদেশী নানা জাতের ফুলে পরিপূর্ণ এ বাগান। বাগানের ভেতর শ্বেতপাথরের আকর্ষণীয় চারটি নারীর ভাস্কর্য সবাইকে মুগ্ধ করে। রয়েছে একটি ইতালিয়ান টাইপের ফোয়ারা এবং মাঝে মধ্যে লোহা ও কাঠ দিয়ে নির্মিত বেঞ্চ, একটি ডিম্বাকার মার্বেল পাথরের নির্মিত আসনসহ প্লাটফর্ম। সারা বাগান শুধু ফুল আর ফুলের সমারোহ। আছে নাগালিঙ্গম, কর্পূর, এগপ্রন্ট, হৈমন্তীর মতো দুষ্প্রাপ্য সব বৃক্ষরাজি আর কৃত্রিম ঝরনা।
দিঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি একতলা। এর মাঝে রয়েছে প্রশস্ত একটি হলরুমে। বেশ উঁচু হলরুমের শীর্ষে রয়েছে বিশাল এক গম্বুজ। এ গম্বুজের নিচ দিয়ে হলরুমে আলো-বাতাস প্রবেশ করে। হলরুমে মাঝে রাজার আমলে তৈরি বেশ কিছু সোফা রয়েছে। এ ছাড়া হলরুমে একটি কারুকাজখচিত সোফা রয়েছে, যাতে একসঙ্গে চারজন চারমু।
রাজবাড়ীটি ঐতিহ্যবাহী হওয়ায় সরকারসাধারন দর্শকদেও জন্য দর্শনীর বিনিময় উন্মুক্ত করে দিয়েছে। রাজবাড়ীর ভিতরে ট্রেজারী ভবনে রাজা-রাজদের ব্যবহার্য্য সামগ্রী প্রদর্শনের জন্য একটি সংগ্রহশালা খোলা হয়েছে। প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার দর্শক এ রাজবাড়ী পরিদর্শনে আসেন।










