শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্জুন রামপালের জেল হতে পারে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপালের জেল হতে পারে। ব্যাংক থেকে ঋণ নেয়ার পর সময়মতো পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ওয়াই টি এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান এই অভিনেতার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছে।
ওয়াই টির আইনজীবী ভারতীয় গণমাধ্যমকে জানায়, ২০১৮ সালের মে মাসে প্রতিষ্ঠানটি থেকে ১ কোটি টাকা ঋণ নেন অর্জুন। শর্ত ছিল, তিন মাসের মধ্যে ১২ শতাংশ হার সুদে ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু শর্ত পূরণ করতে পারেননি তিনি। ফলে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় প্রতিষ্ঠানটি।

ওয়াই টির তরফ থেকে জানানো হয়, অর্জুন এক কোটি টাকার যে চেকটি দেন, তার তারিখ ছিল পুরনো। ফলে সেই চেক বাউন্স হয়ে যায়। এরপরই অভিনেতাকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।
খবরে বলা হয়, সাধারণত এতো কম সুদে ঋণ দেয় না এ ধরনের প্রতিষ্ঠান। অর্জুনের বিশেষ পরিচিতির কারণেই ঋণ দেয় তারা। কিন্তু তিনি যে ঋণ পরিশোধ করতে পারবেন না এমনটা কল্পনাতেই ছিল না প্রতিষ্ঠানটির।

গেল বছর অক্টোবরে ‘নেগোশিয়েবেল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১’-এর ১৩৮ ধারায় মামলা দায়ের করা হয় অর্জুনের বিরুদ্ধে। সেসময় এই অভিনেতাকে আগামী সুদসহ সম্পূর্ণ টাকা শোধ করতে বলা হয়। মামলা চলাকালীন ১৪ দিনের সময়সীমা দেয়া হয়েছিল অর্জুন রামপালকে। কিন্তু তারপর থেকে বেশ কয়েকমাস কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও টাকা তিনি শোধ করেননি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।