১০ মিনিট বাড়ি ফিরতে দেরি, স্ত্রীকে তালাক!
অনলাইন ডেস্ক : স্ত্রী বাড়ি ফিরতে মাত্র ১০ মিনিট দেরি করায় তাকে মুঠোফানেই তিন তালাক দিয়েছেন এক যুবক। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে। যদিও গত বছরই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অসুস্থ দাদিকে দেখতে ওই নারী তার বাবার বাড়ি গিয়েছিলেন। স্বামী তাকে আধ ঘণ্টার মধ্যে ফিরে আসতে বলেছিলেন। ওই নারী এতে রাজিও হয়েছিলেন। কিন্তু পরে দেখা যায়, ওই সময়ের মধ্যে তিনি ফিরতে পারেননি। আর এতেই রেগে গিয়ে তার স্বামী তিন তালাক দেন।
ওই নারী বলেন, ‘আমি অসুস্থ দাদিকে দেখতে মা-বাবার বাড়ি গিয়েছিলাম। আমার স্বামী ফোনে আমাকে নির্দেশ দেন আধা ঘণ্টার মধ্যে ফিরে আসতে। আমি মাত্র ১০ মিনিট দেরি করেছি। এরই মধ্যে আমার ভাইয়ের মুঠোফোনে ফোন করে আমাকে চান। ফোনটা ধরামাত্রই তিনবার ‘তালাক’ বলে দেন আমার স্বামী। ওর এই কথায় আমি হতভম্ব হয়ে যাই।’
যৌতুকের কারণে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নিয়মিত শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগও এনেছেন ওই নারী। তিনি বলেন, ‘আমি যখনই বাড়িতে একা থাকতাম, ওরা আমাকে মারধর করত। এমনকি ওদের মারধরের জেরে একবার গর্ভপাতও করাতে হয়েছে। আসলে আমার মা-বাবা অত্যন্ত গরিব, ওদের কিছুই দিতে পারিনি আমরা। তাই আমার ওপর অত্যাচার করে।’
ওই নারী প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে বলেন, ‘আমাকে সুবিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব ভারত সরকারের। প্রশাসন যদি তা না করতে পারে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলেও প্রতিবেদন বলা হয়েছে।
ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই তিন তালাককে অসাংবিধানিক ঘোষণা করেছে। তিন তালাককে অপরাধ হিসেবে গণ্য করে লোকসভায় বিলও পাস হয়েছে গত বছরের ২৭ ডিসেম্বর। এ অপরাধে আইনে তিন বছরের সাজা ঘোষণা করা হয়েছে।










