,

জনগণের অধিকার আদায়ে রাজপথে জামায়াত: শফিকুর

news-image

অনলাইন ডেস্ক : বিদ্যুৎ ও সারের সংকট নিরসনসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি মাদ্রাসা মাঠে স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ ভালো নেই, সার্বিক পরিস্থিতিও সন্তোষজনক নয়। জনগণের ভোটাধিকার ও তাদের দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরতে চেয়েছেন তারা। কিন্তু সরকার সে সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এ কারণে জনগণের দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন বলেও জানান জামায়াতের আমির।

এর আগে তিনি মানিকপোটল গ্রামে গিয়ে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবদুল মালেকের কবর জিয়ারত করেন। সেখানে সুরা ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত ও শাহাদাত কবুলের জন্য দোয়া করেন তিনি।

কবর জিয়ারত শেষে আবদুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় মাদ্রাসায় সৌজন্য সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত হন তৎকালীন ছাত্রনেতা আবদুল মালেক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট তিনি মারা যান।

জামায়াতের আমিরের আগমন উপলক্ষে শনিবার ভোর থেকেই মানিকপোটল মাদ্রাসা মাঠে নেতাকর্মী ও স্থানীয়দের উপস্থিতি বাড়তে থাকে। সকাল সোয়া ৫টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে ধুনটের উদ্দেশে যাত্রা করে সেখানে পৌঁছালে স্থানীয়রা তাকে স্বাগত জানান। ডা. শফিকুর রহমানও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।