পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে গফরগাঁওয়ের দিকে যাচ্ছিল পাথরবোঝাই মালবাহী ট্রেনটি। গোলাবাড়ি এলাকায় পৌঁছালে এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে রেলপথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বগিটি উদ্ধারের কাজ শুরু করেছেন।
এদিকে রেলপথ বন্ধ থাকায় তিস্তা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটারসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










