ভারত নিয়ে না ভেবে দেশের দিকে নজর দিন: প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক : ভারত নিয়ে অতিরিক্ত আলোচনা না করে নিজেদের দেশ ও দেশের স্বার্থ নিয়ে ভাবতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, প্রতিদিনের আলোচনায় যদি শুধু ভারতই প্রাধান্য পায়, তাহলে দেশের নিজস্ব বিষয়গুলো গুরুত্ব হারাবে। তাই ভারতকেন্দ্রিক আলোচনা কমিয়ে দেশের দিকে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বৈঠক নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় পর্যায়ে যেখানে বাংলাদেশের কথা বলার সুযোগ থাকবে, সেখানে সরকার সক্রিয়ভাবে অংশ নেবে।
তিনি বলেন, একজন নেতার পক্ষে সব আমন্ত্রণ গ্রহণ করে সবার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠান ও বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রধান উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে, তা শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, বড় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে কর্মসূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আসা স্বাভাবিক। কোনো বিশ্বনেতা শেষ সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ জানাতেও পারেন। এমন কোনো বৈঠক চূড়ান্ত হলে গণমাধ্যমকে তা জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।










