প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর
অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও হওয়ার কথা রয়েছে।
সফরে রোহিঙ্গা সংকটকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, এ সমস্যা সমাধানে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি একটি বিশেষ সাইডলাইন বৈঠকের আয়োজন করা হবে।
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবৈধভাবে বিদেশে চলে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ঢাকা প্রতিবেশী দেশটির সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সীমান্তে প্রাণহানি বন্ধ এবং এ-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই করা হবে।










