,

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

রোববার মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় আড়াই হাজারের বেশি বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়ায় আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ৩৬৪ জন। এ ছাড়া মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান এবং বৈধ কর্মঅনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকের বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতি থাকলেও অভিযানে তল্লাশি করা ব্যক্তিদের মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য ডিটেনশন ডিপোতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি কর্মীদের পাশাপাশি তাদের নিয়োগকর্তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর