আবারো নোয়াখালীতে গৃহবধূকে গণধর্ষণ
কবিরহাট প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে জেলার কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূকে (৩০) গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশের কাছে ওই নারী অভিযোগ করেন, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাত ব্যক্তি ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে তিন সন্তানকে জিম্মি করে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। এরপর তারা পালিয়ে যায়।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাকের হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাছান আমাদের সময়কে এ তথ্য জানান। তিনি জানান, দুপুর ১২টার দিকে এক নারী থানায় এসে অভিযোগ করেন গতকাল দিবাগত রাত একটা সাড়ে ১২টার দিকে একই এলাকার জাকের হোসেনসহ সাত ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে তিনটার দিকে পালিয়ে যায় তারা।
ওসি বলেন, ‘ওই নারীর তথ্য মতে, গত ২৩ ডিসেম্বরের এক মামলায় গ্রেপ্তার হয়ে তার স্বামী এখন নোয়াখালী কারাগারে বন্দী। বাড়িতে স্বামী না থাকার সুযোগে গতকাল রাত সাড়ে ১২টার দিকে সিঁট কেটে সাতজন ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে রাত তিনটার দিকে ওই নারী চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। এর মধ্যে তিনি জাকের হোসেন নামের একজনকে চিনতে পেরেছেন।’
তবে ধর্ষণের অভিযোগ করা নারীর স্বামী কোন মামলায় কারাগারে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি হাছান।
ওসি মির্জা হাছান বলেন, অভিযোগ পাওয়ার পরই থানার পুলিশ অভিযান চালিয়ে জাকের হোসেনকে (২৮) আটক করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ধর্ষণের অভিযোগ করা ওই নারীকে আজ ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মির্জা হাছান।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে স্বামী-সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরের এক নারীকে মারধর ও ধর্ষণ করা হয়। পরদিন ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
একই দিন তার স্বামী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে চরজব্বার থানায় মামলা করেন। এর মধ্যে এজাহারে নাম থাকা ছয়জন এবং বাকি পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ছেড়ে যান ওই নারী।
ধর্ষণের শিকার সুবর্ণচরের ওই নারী অভিযোগ করেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর ওই দিনই রাতে তার স্বামী-সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে ধর্ষণ করা হয়।










