শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে কাবিটা প্রকল্প বাস্তবায়নের নামে হরিলুট

sorailবার্তা কক্ষ:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০১৩-২০১৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী (কাবিটা) এর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক সংসদ সদস্যের অনুকুলে বরাদ্ধ চারটি পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। মোট ৯২ লাখ ৫০ হাজার টাকার কাজের মধ্যে শতকরা ৭০ ভাগই হয়েছে হরিলুট। আর ৬০ ভাগ প্রকল্প এখন পানির নিচে। কিছু প্রকল্প শুধুই কাগজে। বাস্তবে শুন্য। অনিয়ম ও লুটপাটের কথা অকপটে স্বীকার করেছেন প্রকল্প সংশ্লিষ্ট অনেক ব্যক্তি। স্থানীয় পিআইও অফিস সূত্রে জানা যায়, মোট ৯২ লাখ ৫০ হাজার ৬২০ টাকার বিপরীতে ৯টি ইউনিয়নে দেওয়া হয় ৪৬ টি প্রকল্প। প্রকল্প ব্যয় ধরা হয়েছে সর্বনিম্ন দেড় লাখ ও সর্বোচ্চ তিন লাখ টাকা। সরজমিনে ঘুরে জানা যায়, নাম মাত্র কাজ করে অধিকাংশ প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন প্রকল্প সভাপতি ও পিআইও অফিস। শতভাগ কাজ করলেও পিআইও কে দিতে হয় ১০ ভাগ টাকা। এটা অলিখিত আইন। কাজ না করলে বা সামান্য করলে চুক্তির মাধ্যমে প্রকল্পকে জায়েজ করার দায়িত্ব নেন পিআইও। এমনটা চাউর রয়েছে গোটা সরাইলে। কিছু জায়গায় জুয়ারের পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে কাজ শুরু করা হয়। ১৫/২০ হাজার টাকার মাটি ফেলার পর পানির নিচে তলিয়ে যায় প্রকল্প। কিছু জায়গায় জন প্রতিনিধি সরকার শ্রমিকের টাকা দেয়নি বলে স্থানীয় শ্রমিকদের ফ্রি খাঁটিয়েছেন। পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের বাসিন্দা মোঃ জাহের মিয়া (৫৫) বলেন, “জয়ধরকান্দি করিমপুর বিল্লাল মিয়ার বাড়ি থেকে তেগুনা ড্রেইন পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ” নামক প্রকল্পে এক মুষ্টি মাটিও পড়ে নাই। আর মোল্লা বাড়ির ঘাটলার কাজে ব্যবহার করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন রড। বিনা পারিশ্রমিকে গ্রামের লোকজন দিয়ে কাজ করানো হয়েছে। অরুয়াইল ইউনিয়নে “রাজাপুর চক বাজারের দক্ষিণ দিক হইতে পশ্চিম দিকে মেঘনা নদী পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ” প্রকল্পটি শুধু কাগজে। বাস্তবে কোন কাজ হয়নি এমনটি অকপটে স্বীকার করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, আগের পিআইও’র সময়ে ইউপি সদস্য সাফায়েতউল্লাহ এখানে কিছু টাকা খরচ করেছিলেন। ওই টাকাটা কাভার করার জন্য এ প্রকল্পটি দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অরুয়াইলের একাধিক ব্যক্তি জানান, এখানে আরো ২/১টি প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। চুন্টা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসমাঈল মুন্সি সহ একাধিক ব্যক্তি বলেন, “নরসিংহপুর সাহেব বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ”নামক প্রকল্পে সর্বোচ্চ ৪০ ভাগ কাজ হয়েছে। বাকিটা লুটপাট। ওই প্রকল্পের সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ শির ইসলাম বলেন, চারটি ডিও’র প্রত্যেকটির জন্য পিআইও কে ৩৮’শ টাকা করে দিতে হয়েছে। কাজ করেছি।বৃষ্টির পানিতে মাটি চলে গেছে। একই ইউনিয়নের “চুন্টা আবু তাহেরের বাড়ি হতে বড়াইল জলিলের জমি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ” ও “নতুন হাটি ব্রীজের গোড়া হতে হাজী আলী আহমেদের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ” নামক দুটি প্রকল্পে নাম মাত্র মাটি ফেলে পুরো টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মোঃ মধু মিয়া (৬০) বলেন, “ শাহজাদাপুর লাল মিয়ার বাড়ি হইতে ধোপ পর্যন্ত রাস্তা সংস্কার” নামক প্রকল্পে উর্ধ্বে দশ হাজার টাকার কাজ হয়েছে। বাকী টাকা গিলে খেয়েছে প্রকল্প সভাপতি ও পিআইও। স্থানীয় একাধিক ব্যক্তি “ দঃ দাউরিয়া বড় বাড়ির কালভার্ট থেকে হীজল গাছ পর্যন্ত রাস্তা পুনঃনির্মাণ” নামক প্রকল্পটিকে ফ্রক্সি প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছেন। কালিকচ্ছ ইউনিয়নের “ সরাইল লাখাই রোড থেকে সূত্রধর পাড়া শিতলা মন্দির পর্যন্ত” ও নোয়াগাঁও ইউনিয়নের কয়েকটি প্রকল্পে অনিয়মের কথা বলেছেন স্থানীয় একাধিক লোক। এ ছাড়া পানিশ্বর (উঃ) ইউনিয়নের ২/১টি প্রকল্পের কাজে ফাঁকি দেওয়ার কথা বলেছেন প্রকল্প সংশ্লিষ্ট লোকজন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী বলেন, কাজ হয়নি এবং অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। প্রকল্পের কাজ না হলে বিল দেওয়া হয় না। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, এমন অভিযোগ আমার জানা নেই। কোন প্রকল্পে অনিয়ম ধরা পড়লে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করব।—সূত্র: নিউজ ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা