১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০১/২
স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান। সাকিব আল হাসান ১৩ ও সাব্বির রহমান ১২ রানে ক্রিজে রয়েছেন। আউট হয়েছেন- ইমরুল কায়েস (৩৬) ও সৌম্য সরকার (৩৪)।
এর আগে বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি।
কোমরের সমস্যায় এই ম্যাচে তামিম ইকবালকে নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত বাঁহাতি এই ওপেনারকে ছাড়াই নামলো বাংলাদেশ।
এ ম্যাচে তামিমের জায়গায় খেলছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। আগের দিনে বাজে বোলিং করা তাসকিন আহমেদও নেই এই ম্যাচে। তার জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের।
প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। আজকের এই ম্যাচটি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। গত ৪ এপ্রিল প্রথম ম্যাচের বল মাঠে গড়ানোর আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান তিনি। একদিকে সিরিজে সমতায় ফেরা অন্যদিকে প্রিয় অধিনায়ককে দারুণ বিদায় জানাতে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ।
শ্রীলঙ্কা একাদশ: কুসল পেরেরা (উইকেটরক্ষক), দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধানে, থিসারা পেরেরা, সেকুজে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়া।











