শুরুতেই বিপদে বাংলাদেশ
ওয়ানডে সিরিজ সমতায় শেষ করতে শ্রীলঙ্কা স্কোরবোর্ডে জমা করেছে ৯ উইকেটে ২৮০ রান। অর্থাৎ শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৮১ রান।
লক্ষ্যে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে শুভ সূচনা করেন তামিম ইকবাল। কিন্তু শেষ বলে নুয়ান কুলাসেকারাকে ফিরতি ক্যাচ তুলে দেন বাংলাদেশের ওপেনার। মাত্র ৬ বলে করেন ৪ রান। এ লঙ্কান পেসার তার দ্বিতীয় ওভারে সাব্বির রহমানকে সাজঘরে পাঠান। ৩ বলে রানের খাতা না খুলে দিনেশ চান্ডিমালের গ্লাভসে ধরা পড়েন সাব্বির। পরের ওভারে সুরাঙ্গা লাকমলের এলডিব্লিউ হন মুশফিকুর রহিম। ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪ রান করেছে সফরকারীরা। ক্রিজে আছেন সৌম্য সরকার ও সাকিব আল হাসান।
শনিবার ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরুতেই অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ৭৬ রান করে বড় সংগ্রহের আভাস দিয়েছিল লঙ্কানরা। প্রত্যেক ব্যাটসম্যান দলের স্কোর শক্তিশালী করতে অবদান রেখেছেন, যার শুরুটা হয়েছিল দানুশকা গুনাতিলাকা ও উপুল থারাঙ্গার জুটিতে।
প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কার কাছে টস হেরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাটিং, আর দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করেছিল তারা। তৃতীয় ম্যাচে এসে টস জিতলেন মাশরাফি মর্তুজা। আগের দুই দিন বৃষ্টি হওয়ায় এবং উইকেটে ঘাস দেখে সুইংয়ে সহায়তা পাওয়ার প্রত্যাশায় ফিল্ডিং নেন তিনি। কিন্তু শ্রীলঙ্কার দুই ওপেনার অধিনায়কের সিদ্ধান্তকে অস্বস্তি করে তোলেন।
মাশরাফি শুরু করেন বাংলাদেশের বোলিং। প্রথম দুই বলেই ওয়াইড দেন অধিনায়ক, এ ওভারে একটি বাউন্ডারিও পায় শ্রীলঙ্কা। আর এমন মারকুটে ব্যাটিং ভালোভাবে ধরে রেখেছে লঙ্কানরা। অবশ্য নিজের দ্বিতীয় ওভারে মাশরাফি জীবন দেন গুনাতিলাকাকে। তার ফুল ডেলিভারিতে লঙ্কান ওপেনার সোজা শট নেন, শক্তিশালী গতিতে ছুটে আসা বলটি বাঁ হাতে কব্জা করতে পারেননি অধিনায়ক।
এ গতি চলতে থাকে বেশ কয়েক ওভার, প্রথম ১০ ওভারে ৭৬ রান তোলে শ্রীলঙ্কা। ১১তম ওভারে ভাঙে শক্ত এ জুটি। মিরাজের বলে গুনাতিলাকা ৩৪ রানে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হন। প্রথম ২ ওভারে ১২ রান দেওয়া তাসকিন নিজেকে ফিরে পান তৃতীয় ওভারে। প্রতিপক্ষ অধিনায়ক থারাঙ্গাকে ৩৫ রানে বোল্ড করেন তিনি।
তৃতীয় উইকেটে ক্রিজে নেমে বেশ স্বতঃস্ফূর্ত ব্যাটিং করেছেন কুশল মেন্ডিস ও দিনেশ চান্ডিমাল। শক্ত জুটির আভাস দেন তারা। কিন্তু একটু ঢিলেমি করায় রান আউট হতে হয় চান্ডিমালকে। সাকিব আল হাসানের বলে তাসকিনের থ্রোয়ে মুশফিকুর রহিম ভাঙেন তার স্টাম্প। একটি রান নেওয়ার পর দ্বিতীয় রানের লক্ষ্যে স্ট্রাইকিং প্রান্তে আসেন চান্ডিমাল, যখন স্টাম্প ও বেল বিচ্ছিন্ন হয় তখন তার ব্যাট দাগের মধ্যে থাকলেও ছিল শূন্যে। ২১ রানে থামে চান্ডিমালের ইনিংস।
ক্রিজে মেন্ডিসকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সিরিবর্দনে। মাত্র ১২ রানে রান আউট হন তিনি। দল নিয়মিত বিরতিতে চার উইকেট হারালেও মেন্ডিস হাফসেঞ্চুরি করে এগিয়ে নিতে থাকেন। অবশেষে এ গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে মুশফিকের ক্যাচ বানান মুস্তাফিজ। ৭৬ বলে চারটি চারে ৫৪ রান করেছিলেন মেন্ডিস। মাঠে নেমে লম্বা ইনিংস খেলার চেষ্টা করেছিলেন আসেলা গুনারত্নে। কিন্তু ৩৪ রানে মাশরাফির বলে মাহমুদউল্লাহর ক্যাচ হন তিনি। একই ওভারে বাংলাদেশ সুযোগ নষ্ট করলে রান আউট থেকে রক্ষা পান সেক্কুজে প্রসন্ন। অবশ্য পরের ওভারে মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন এ ব্যাটসম্যান। মাত্র ১ রানে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন তিনি।
শেষ ওভারে মাশরাফি শিকার করেন লঙ্কানদের আরও দুই উইকেট। দিলরুয়ান পেরেরা ১৫ রানে ক্যাচ দেন তামিম ইকবালকে। এ উইকেটটি নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শীর্ষ উইকেটশিকারি হন মাশরাফি (২১)। পঞ্চম বলে স্বাগতিকদের আরেক হাফসেঞ্চুরিয়ান থিসারা পেরেরাকে আউট করেন অধিনায়ক। ৪০ বলে ৫২ রানে থামে পেরেরার ইনিংস। বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে বেশি তিনটি উইকেট নেন মাশরাফি।
দুটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ। আর বাকি দুটি ভাগ করে নিয়েছেন তাসকিন ও মিরাজ।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। ৯০ রানে জিতেছিল তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে হয় শুধু একটি ইনিংস। আগে ব্যাট করে ৩১১ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট হাতে নামতেই পারেনি বাংলাদেশ। দুই ম্যাচ শেষে তারা ১-০ তে এগিয়ে।











