বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাংকিং নয় জয় চান হাথুরুসিংহে!

news-image

স্পোর্টস ডেস্ক :শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ ছিল প্রথমবারের মত র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেটা আর হচ্ছে না। তবে এই নিয়ে কোন আক্ষেপ নেই বাংলাদেশ দলের হেড কোচে হাথুরুসিংহের।

র‌্যাংকিং নয় শেষ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য টাইগারদের গুরুর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই র‌্যাংকিংয়ে চোখ রেখেছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার শেষ সময় ঘনিয়ে আসছে।

তাই প্রতিটি দলের ভাবনাতেই রয়েছে র‌্যাংকিং-রেটিং পয়েন্ট। কিন্তু এসব র‌্যাংকিং-রেটিং ভাবনা মাথায় আনতে চান না বাংলাদেশের হেড কোচ চন্দিকা হাথুরুসিংহে।
তিনি বরং র‌্যাংকিং-রেটিং ভাবনা থেকে দলকে দূরে রাখতে চান। তার ভাবনায় শুধুই জয়। পরের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বাংলাদেশের হেড কোচের।

গতকাল কলম্বোয় দলের ঐচ্ছিক অনুশীল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটা (র‌্যাংকিং) সমর্থকদের জন্য, আপনাদের (সংবাদ মাধ্যম) জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। যদি আমরা জিতি, র‌্যাংকিং আপনা-আপনিই ভালো হবে। এমনকি আমরা সেদিকে খেয়ালও করছি না। আমরা স্রেফ পরের ম্যাচটা জিততে চাই।’

তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে ২-০তে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী হাথুরুসিংহে। তবে এজন্য নিজেদের সেরাটা দিতে হবে বলে মনে করেন টাইগারদের এ লঙ্কান কোচ। এদিকে, সিরিজের শেষ ওয়ানডের ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। যেই মাঠের পিচটি ডাম্বুলার চেয়ে ভালো হবে বলে মনে করছেন এই শ্রীলঙ্কান।
তবে সিংহলিজে যে উইকেটে খেলবে বাংলাদেশ, সেটা এখনও প্রস্তুত হয়ে ওঠেনি। তাই তো উইকেট কেমন হচ্ছে এ ব্যাপারে যথেষ্ট ধারণা পাচ্ছেন না হাথুরুসিংহে, ‘উইকেট এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আরও দুই দিন বাকি। অনেক পরিবর্তন হতে পারে। ম্যাচের দিন সকালে পরিষ্কারভাবে ধারণা পাওয়া যাবে।’
উল্লেখ্য, ৯১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল র‌্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়, পরের ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর পয়েন্ট এখন ৯৩। শেষ ম্যাচ জিতলে বাড়বে আরও ২ পয়েন্ট, হারলে কমবে ১ পয়েন্ট। চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড ও র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা অন্য ৭ দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপে।

এ জাতীয় আরও খবর