বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত এনামুল ও ইয়াছিন আসলেই কি ডাকাত? নাকি পরিকল্পিত হত্যাকান্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে পরিকল্পিত হত্যাকান্ডকে ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা চলছে। এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়সহ সারাদেশে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এদিকে সাবেক বিজিবি সদস্যের হত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার শিবপুরে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে আব্দুল হকের (এনামুল) স্ত্রী হত্যা মামলা দায়ের করেন।
অনুন্ধানে সূত্রগুলো বলছে, গত দু’মাস আগে উপজেলার রসুল্লাবাদ গ্রামের আব্দুল হক ওরফে এনামুলের মোটর সাইকেলটি নিজ বাড়ি থেকে চুরি হয়। গত এক সপ্তাহ আগে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে চুরি যাওয়া মোটর সাইকেলটির সন্ধান মিলে। চুরির ঘটনার সাথে পাশ্ববর্তী জগন্নাথপুরের একটি গ্রুপ জড়িত বলে খবর পায় এনামুল। এ নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়া ও তার লোকজনের সাথে যোগাযোগ করে। সেন্টু ঘটনা আপোষ নিষ্পত্তির জন্য ১ মার্চ সন্ধ্যায় ৭টায় তার বাড়িতে শালিসে বসার কথা বলে। আব্দুল হক উরফে এনামুল তার স্ত্রীর বোনের স্বামী ইয়াসিনকে সাথে নিয়ে সেন্টু মিয়ার বাড়িতে উপস্থিত হয়। সেখানে শালিস বসে। এতে গ্রামের অন্তত ১৫/১৬ জন উপস্থিত ছিলেন। সুত্র জানায়, বৈঠক আধা ঘন্টা চলার পর মোটর সাইকেল চুরি নিয়ে দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়।

এক পর্যায়ে সেন্টু ও তার লোকজন উত্তেজিত হয়ে উঠে। গ্রামে ডাকাত এসেছে বলে চিৎকার দিয়ে তাদের উপর হামলা চালায়। নংশস ভাবে নির্যাতনে ঘটনাস্থলেই নিহত হয় এ দু’জন। তাদের সাথে আসা অন্য ২ জন সৃষ্ট পরিস্থিতিতে পালিয়ে যায়। নিহতদের মধ্যে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, ব্যক্তিগত আইডি নং-৬০৪৭৩, পরিচয়পত্র নং- ৪৪১০২৯৪, ১৭ বিজিবির ব্যাটালিয়ন (কক্সবাজার) থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাসে অবসরে যান। তাদের মোটরসাইকেল ও মোবাইলসহ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। অভিযোগ পাওয়া গেছে, পরিকল্পিত ভাবেই তাদের হত্যা করা হয়। কিন্তু ঘটনার পর পর মোটরসাইকেল চুরির ঘটনা এড়িয়ে ডাকাতি বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। পুলিশ ও দাবী করে ডাকাতি করতে এসেই গনপিটুনিতে তারা নিহত হয়েছে। পুলিশের এ ভূমিকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ডাকাতদের হাতে কি কোন অস্ত্র ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশ্ন করা হয়েছে ডাকাতি করতে যেতো তাহলে কি খালি হাতে ডাকাতি করতে যেতো তারা? উল্লেখ করা হয়, এনামুল গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাই নির্বাচনে পর থেকে ঝামেলা চলছিল তার প্রতিপক্ষের সাথে।

এ ঘটনা আড়াঁল করার জন্য টাকা দিয়ে ডাকাতির নাটক সাজানো হচ্ছে। আমি এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। একজন লিখেছেন, স্ত্রী সন্তানদের কাছে থাকতে বিডিআরের চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে, পৈতৃক কৃষি জমি, ৩টি সিএনজি অটোরিকশা, নিজ গ্রামে ডিস ব্যবসা করতেন নিহত ইয়াসিন। বড় মেয়ে নাইমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। মেয়ে নাইমা আক্তার জিপিএ ফাইভ পাওয়ার পর গর্ব করে বলতেন মেয়েকে ডাক্তার বানাবেন। কলেজ পাড়া, কাউতলী, এবং ভাদুঘরে তার চলাচল ছিল মার্জিত এবং সদা হাস্যজ্জ্বল। নবীনগর উপজেলার, শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে পৈতৃক বাড়ি ছিল ইয়াসিনের। এশার নামাজের সময় নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তাকে হত্যা করা হয়। নৃশংস ও পরিকল্পিত এই হত্যার সুষ্ঠু তদন্তের দাবি করছি। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, এটি ডাকাতির ঘটনা। ডাকাতির করতে আসার পর গনপিটুনিতে তারা মারা যায়।

এ ঘটনায় সেন্টু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ বাদী হয়ে আরো একটি মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে নিহত আব্দুল হক (এনামুল) এর স্ত্রী তাসলিমা বেগম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পরিস্থিতি স্বাভারিক রাখতে গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেছেন, পুলিশ বাদী হয়ে যে মামলা দায়ের করেছে তাতে আব্দুল হকের স্ত্রীর দায়ের করা মামলাটি ট্র্যাক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সুষ্ঠ তদন্ত সম্পন্ন হবে।

 

এ জাতীয় আরও খবর