দৃষ্টান্ত স্থাপন
নবীনগর প্রতিনিধি : “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” মানবতার চিরন্তন এ বাণীকে বাস্তবে রূপ দিলেন নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম। রাস্তায় অযত্নে, অবহেলায় পড়ে থাকা অজ্ঞাত, সহায় সম্বলহীন অশীতিপর এক বৃদ্ধকে পরম মমতায় নিজেই নিয়ে গেলেন হাসপাতালে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন।খাদ্য ও চিকিৎসার অভাবে পনের-বিশ দিন যাবত রাস্তায় পড়ে থাকতে থাকতে অসুস্থ মানুষটি যখন মৃত্যুর ক্ষণ গুনছিলেন, তখনই উপজেলা নির্বাহী অফিসার ফেসবুকে খবর পান এই অসহায় বৃদ্ধের। তিনি ছুটে যান নবীনগর মধ্যপাড়ায়, যেখানে আশি উর্ধ্ব মানুষটি তিন রাস্তার মোড়ে মুমুর্ষু অবস্থায় শায়িত। না খেতে খেতে তার শরীরে কংকাল ছাড়া অবশিষ্ট কিছু নেই। শরীরে নিজের মল-মুত্র শুকিয়ে গেছে। মাছি সারা শরীরে ভনভন করছে। দূর্গন্ধে পথচারীরা নাক চেপে চলাচল করছেন। উপজেলা নির্বাহী অফিসার তাকে উঠালেন। হাসপাতালে নিয়ে এলেন। গরম পানিতে পরম মমতায় গোসলের ব্যবস্থা করলেন। পুরোনো কাপড় চোপড় খুলে নতুন গরম কাপড় কিনে দিলেন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেন। সেবা সুশ্রুষায় মানুষটি চোখ খুললেন। আস্তে আস্তে কথাও বললেন। যতটুকু বুঝা গেল তার নাম ঝন্টু, পিতা শচীন্দ্র, জেলা কক্সবাজার। উপজেলা নির্বাহী অফিসারের এ মানবিক উদ্যোগ সারা নবীনগরে এখন আলোচিত হচ্ছে। সবাই বলাবলি করছে অফিসার সবাই যদি এমন হতো! উপজেলা নির্বাহী অফিসার বলেন, এটা আমার জন্য অনেক আনন্দের যে একজন অসহায় মানুষকে আমি সেবা দিতে পেরেছি। তার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করব। তিনি সুস্থ হয়ে উঠলে পরিবার পরিজনের সাথে যোগাযোগ করে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করব।











