আইএসের বিরুদ্ধে যুদ্ধে ১৪ তুর্কি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আল-বাব শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের ১৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩৩ সেনা সদস্য আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বুধবার আইএস-এর সঙ্গে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। চলতি বছরের আগস্টে আল-বাব শহরে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুর্কি সেনাবাহিনী। আইএস-এর সঙ্গে সংঘর্ষে এটাই তুরস্কের সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দুই পক্ষের যুদ্ধে আইএসের ১৩৮ জঙ্গি নিহত হয়েছেন। এসময় জঙ্গিরা একাধিক আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে তুর্কি সেনা সদস্যরা নিহত হন। আহত হয়েছেন তুরস্কের ৩৩ সেনা। ‘ইউফ্রেতিস ঢাল’ নামে চার মাস ধরে আইএসবিরোধী যুদ্ধ করছে সিরিয়ার বিদ্রোহী ও তুর্কি সেনারা।
তুরস্ক সরকার ১৪ সেনা নিহত হওয়ার ঘটনাকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে আইএস নির্মূলে যুদ্ধ তীব্র করার ঘোষণা দিয়েছে।
তুর্কি সেনাবাহিনীর দাবি, তাদের হামলায় শহরটিতে আইএস-এর প্রতিরোধ ভেঙে পড়েছে।
আল-বাব শহর দখলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা। এরই মধ্যে শহরের প্রধান হাসপাতালকেন্দ্রিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা। শহরটি সিরিয়া-তুরস্ক সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যেই অবস্থিত। কৌশলগত কারণে শহরটি আইএস, কুর্দি এবং তুর্কি বাহিনী উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।











