নাইজেরিয়ায় হাজার হাজার শিশু না খেতে পেয়ে মরার আশঙ্কা
নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সন্ত্রাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এক লাখ ২০ হাজারেরও বেশি মানুষ আগামী বছরের মধ্যে দুর্ভিক্ষে মারা যাওয়ার হুমকির মুখে রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই শিশু। জাতিসংঘ এই হুঁশিয়ারি দিয়েছে।
নাইজেরিয়া, শাদ, নাইজার ও ক্যামেরুনের বিভিন্ন অংশে বোকো হারামের ব্যাপক হামলার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ভিটেমাটিছাড়া হয়েছে। কৃষকরা তাদের জমিতে কৃষিকাজ করতে পারছে না। সেইসঙ্গে বিচ্ছিন্ন এলাকার জনপদগুলোতে পৌঁছতে পারছে না সাহায্য সংস্থাগুলো। নাইজেরিয়ার একটি ছোট প্রদেশে বাস্তুভিটা থেকে উচ্ছেদ হওয়া মানুষের সংখ্যা গত বছর ইউরোপে পৌঁছানো শরণার্থীদের চেয়েও বেশি।
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক মাইদুগিরিতে একটি অস্থায়ী শিবিরে অসংখ্য কঙ্কালসার শিশু দেখতে পেয়েছেন। অনেক শিশুরই মাথার সঙ্গে প্লাস্টিকের নল লাগানো যাতে নার্সরা তাদের স্যালাইন পুশ করতে পারেন। অনেক শিশুর দেহ এতটাই ক্ষীণকায় যে শুধু মাথা ছাড়া দেহের আর কোথাও কোনও রক্তনালী খুঁজে পাওয়া যায় না।
এতসব ভয়ঙ্কর দৃশ্য সত্ত্বেও বেলজিয়ামের আয়তনের মাইদুগিরির এই শিবিরটিই হচ্ছে ওই অঞ্চলের সবচেয়ে ভাল সেবা দানকারী শিবিরগুলোর অন্যতম। অঞ্চলটির অনেক অংশই এখনও বোকো হারামের সঙ্গে যুদ্ধের কারণে নিরাপত্তাহীন এবং হাজারও মানুষ এখনও ন্যূনতম সেবা পাওয়ার মত জায়গা মাইদুগিরির শিবিরে আসতে পারেনি।
জাতিসংঘের মানবিক বিষয়ে সমন্বয় দফতরের নাইজেরিয়াভিত্তিক মুখপাত্র ওরগা ফ্যালান বলেন, “আমরা যদি খাবার ও পুষ্টি সহায়তা নিয়ে মানুষের কাছে পৌঁছতে না পারি তাহলে আগামী বছরের মধ্যে এক লাখ ২০ হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এসব মানুষের বেশিরভাগই শিশু।
সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী কেভিন ওয়াটকিনস ওই এলাকা পরিদর্শনের পর বলেছেন, পুরো এলাকাটিই চরম বিপর্যয়ের প্রান্তে উপনীত। তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকার কথা জানি যেখানে মানুষের মধ্যে অপুষ্টির হার মারাত্মক এবং চরম। কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারছি না সেখানে সম্ভবত পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। তিনি বলেন, সম্ভবত অজানা সেইসব এলাকায় চার লাখ শিশু অত্যন্ত গুরুতর পুষ্টিহীনতার শিকার।
ওয়াটকিনস বলেন, জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া না হলে আগামী বছর প্রতিদিন গড়ে ২০০ শিশুর মৃত্যু হতে পারে।
আগামী শুক্রবার আবুজায় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে যেখানে ত্রাণ সংস্থাগুলো একটি কর্মপরিকল্পনা অনুমোদন করতে পারে। তবে ওয়াটকিনস বলেন, নাইজেরিয়ার এই সঙ্কটজনক পরিস্থিতিতেও আন্তর্জাতিক বিশ্বের সেরকম কোনও সাড়া পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান











