মিশেল ওবামাকে বানরের সাথে তুলনা, বিপাকে মেয়র
আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে ‘এপ’ (ape) বা বানরজাতীয় প্রাণীর সাথে তুলনা করেছেন ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্লে কাউন্টির একটি অলাভজনক সংগঠনের পরিচালক পামেলা র্যামজে টেলর। আর তাতে সমর্থন জানিয়েছেন ওই শহরের মেয়র। এতে ওই অঙ্গরাজ্যে তোলপাড় শুরু হয়েছে।

পামেলা র্যামজে টেলর হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘হোয়াইট হাউসে এখন একজন সুন্দরী, অভিজাত, মার্জিত ফার্স্ট লেডিকে দেখতে পাব, মনটা ভালো হয়ে যাবে। একটা হিল পরা এপ-কে (বানর) দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি।’
এরই জবাবে ক্লে শহরটির মেয়র বেভারলি হোয়েলিং লেখেন, ‘প্যাম, তুমি আমার দিনটিকে ভালো করে দিয়েছো।’
এই শহরটিতে মাত্র ৪৯১ জন লোকের বাস। এখানে কোনো কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকান থাকেন না। কিন্তু এই ছোট শহরের ফেসবুক পোস্টই ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। এরপর ৮৫ হাজার লোক স্বাক্ষরসহ আবেদন করেন – এই দুই নারীকেই বরখাস্ত করা হোক।
এরপর সোমবারই ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, টেলরকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। টেলর এবং হোয়েলিং দুজনই অবশ্য ভিন্ন ভিন্ন বক্তব্যে বলেছেন, তারা বর্ণবাদী চিন্তা থেকে এটা লেখেননি।
কিন্তু যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব কালার্ড পিপল’ এর একজন স্থানীয় কর্মকর্তা ওয়েন্স ব্রাউন বলেন, দুর্ভাগ্যজনকভাবে লোকের ভেতরে এখনও বর্ণবাদী মানসিকতা রয়ে গেছে।
ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্রেটিক পার্টির নেত্রী বেলিন্ডা বিয়াফোরে এ ঘটনায় মিশেল ওবামার কাছে দুঃখ প্রকাশ করেছেন।











