ঐশ্বরিয়া ছাড়া হতো না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’
বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা অভিনীত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। শুরু থেকেই নানা কারণে আলোচনায় করণ জোহর পরিচালিত সিনেমাটি।

সম্প্রতি বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে অ্যায় দিল হ্যায় মুশকিল। নিঃসন্দেহে করণ জোহরের অন্যতম সিনেমা হয়ে থাকবে এটি। কিন্তু ঐশ্বরিয়া যদি সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন তাহলে এই সিনেমাই বানাতেন না করণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন এ নির্মাতা।
করণ জানান, চরিত্র নির্বাচনের সময় ঐশ্বরিয়া নির্ধারিত ছিলেন। যদি রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেন তবুও তার কাছে অন্য অপশল ছিল। কিন্তু সাবা চরিত্রের জন্য তিনি ঐশ্বরিয়াকেই নির্ধারণ করেছিলেন। যদি কোনো কারণে ঐশ্বরিয়া সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতেন তাহলে অ্যায় দিল হ্যায় মুশকিল নির্মাণ করতেন না তিনি।
অনেকদিন পর আবেদনময়ী ঐশ্বরিয়া এবং রণবীর কাপুরের সঙ্গে তার রোমান্স দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি করেছিল। এরপর গত ২৮ অক্টোবর মুক্তি পায় অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমাটি। তবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।











