কাশ্মীরে ফের গুলির লড়াই চলছে
আন্তর্জাতিক ডেস্ক : সকালে ফের কাশ্মীরে জঙ্গি হামলা। শ্রীনগর থেকে দশ কিলোমিটার দূরে পাম্পোরে একটি সরকারি ভবনে ঢুকে পড়েছে দুই থেকে তিন জন জঙ্গি। সরকারি এই ভবনটিতেই এ বছর ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকজন জঙ্গি ঢুকে পড়েছিল। সেবার জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে তিনজন সেনা জওয়ান শহিদ হয়েছিলেন।
আজকেও সরকারি ভবনটিতে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পাওয়ার পরেই এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনীর জওয়ানরা। জঙ্গিদের ছোড়া গুলিতে এক সেনা জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ সরকারি ভবনটির ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয় জঙ্গিরা। যদিও, সেনাবাহিনীর জওয়ানদের কৌশলের ফলে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছে বলেই জানা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে হওয়া হামলার সময় সরকারি এই ভবনটি জঙ্গিদের দখলমুক্ত করতে প্রায় ৪৮ ঘণ্টা সময় লেগেছিল সেনাদের।











