ভিডিওটেপ ফাঁস: ক্ষমা চাইলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক :নারীদের নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করায় ক্ষমা চেয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সময় শুক্রবার সন্ধ্যায় প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে ট্রাম্পের একটি ভিডিওটেপ প্রকাশ পেয়েছে, যেখানে তাকে নারীদের উদ্দেশ্যে অতিশয় নোংরামিপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে। ভিডিওটেপটি ২০০৫ সালে তৈরি।

ভিডিওটেপটি প্রকাশিত হওয়ার পর ফেসবুকে একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেছেন ট্রাম্প, যেখানে তিনি ক্ষমা চেয়ে বলেন, ‘এ ভিডিওটেপের বক্তব্য আমাকে পুরোপুরি প্রতিফলিত করে না… যদিও সেজন্য আমি ক্ষমাপ্রার্থী।’
ট্রাম্প বলেন, ‘আমি এটা বলেছি, আমি ক্ষমা চাচ্ছি। আমি অঙ্গীকার করছি আমি একজন ভালো মানুষ হয়ে উঠব।’ তিনি আরো বলেন, অধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু থেকে মানুষের মনোযোগ সরানোর জন্য এটা করা হয়েছে।
বিবৃতির শেষাংশে ট্রাম্প বলেন, ‘আমি বোকার মতো কথা বলেছি, কিন্তু কথা এবং কাজের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। বিল ক্লিনটন সত্যিকারার্থে নারীদের নিপীড়ন করেছে। আর হিলারি তাদের উদ্দেশ্যে কটু কথা বলেছে, তাদের ওপর আক্রমণ করেছে, তাদেরকে ধিক্কার দিয়েছে। এগুলো নিয়ে আসছে দিনগুলোতে আমরা আরো কথা বলব। রবিবারের বিতর্কে দেখা হবে।’
অবশ্য শুক্রবার যখন প্রথম এই ভিডিওটেপটি প্রকাশিত হয়, তখন তিনি এটিকে ঠাট্টাচ্ছলে করা মন্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, ‘বিল ক্লিনটন এরচেয়ে অনেক খারাপ কথা আমাকে বলেছে।’
ভিডিওটেপে টেলিভিশন উপস্থাপক বিলি বুশকে উদ্দেশ্য করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তুমি যখন একজন তারকা তখন নারীদের সাথে তুমি যা খুশি তাই করতে পারবে।’
ভিডিওটেপটিতে ট্রাম্প একজন বিবাহিত নারীর সঙ্গে যৌনকর্ম করার এবং অন্যান্য নারীদেরকে চুমু দেয়ার ও তাদের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান স্পর্শ করার বড়াই করছিলেন। তিন মিনিটের বেশি এই কথোপকথনটির প্রায় পুরোটা জুড়েই ছিল অতিশয় নোংরামি পূর্ণ কথাবার্তায় পরিপূর্ণ।
এ ঘটনায় খোদ রিপাবলিকান পার্টির সিনিয়র নেতারা পর্যন্ত ট্রাম্পের কঠোর নিন্দা করেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পকে দেয়া নিমন্ত্রণ পর্যন্ত বাতিল করছেন তারা। এই সপ্তাহান্তেই হাউজ স্পিকার পল রায়ানের নিজের শহর উইসকনসিনে রিপাবলিকান ফল ফেস্টে দাওয়াত ছিল ট্রাম্পের, কিন্তু সেই দাওয়াত বাতিল করে দিয়েছেন রায়ান। ট্রাম্প অবশ্য জানান, তার ভাইস প্রেসিডেন্ট রানিং মেট মাইক পেন্স ওই অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসেবে যোগ দেবেন।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককোনেল বলেন, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসমীচীন এবং তার উচিত সরাসরি গিয়ে নারী, তরুণী, কিশোরী সবার কাছে ক্ষমা চাওয়া।
মার্কিন নির্বাচনের মাত্র একমাস বাকি থাকতে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর এই ভিডিওটেপটি দলটিকে বেশ বেকায়দায় ফেলবে বলে আশংকা করা হচ্ছে। আর এমন সময় এই ভিডিওটেপটি বের হল যখন হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফা সরাসরি টিভি বিতর্ক আসন্ন।











