সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম-বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে ঢেঁকি

1475690321561বিশেষ প্রতিনিধি : আমাদের দেশে  যান্ত্রিক সভ্যতা ও কালের বিবর্তনে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ঢেঁকি। ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে বিজ্ঞান আর সেই সাথে গড়িয়ে উঠেছে শিল্প কল-কারখানা। পরিবর্তন হচ্ছে রুচির, যান্ত্রিক সভ্যতার গ্যাড়াকলে পড়ে বাঙ্গাঁলী সভ্যতার এ শিল্পটি নীরবে নিভৃতে আজ প্রায় বিলুপ্তির পথে। পল্লীর ঘরে ঘরে আর ঢেঁকি চোখে পড়ে না। শোনা যায় না ঢাঁক ঢুক ও ক্যু ক্যুা জাতীয় ছন্দময় শব্দ। চোখে পড়ে না বিয়ে শাদী ও আনন্দ উৎসবে ঢেঁকিতে ছাটা চালের তৈরী ক্ষীর, পায়েস ও পিঠা তৈরীর দৃশ্য। এছাড়াও এক সময় চালের গুড়া, মসলা মরিচ ইত্যাদিও ঢেঁকিতেই কোটা হতো। বিজ্ঞানের আর্বিভাবে আজ কমে গেছে ঢেঁকির কদর। আজকাল এসব কাজ করা হচ্ছে ডিজেল অথবা বিদ্যুৎ চালিত মেশিনে। গ্রামে গড়ে উঠেছে মিনি রাইচ মিল। এখন সেই মেশিনেই তৈরী হয় চালের আটা, মরিচ ও হলুদের গুড়াসহ বিভিন্ন মসলা। অথচ একদিন গ্রাম ছাড়া ঢেকি কিংবা ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করাই কঠিন ছিল।

ঢেঁকির উপর পা রেখে গায়ের বধূরা গাইতো গীত, কাটতো শ্লোক, মেতে উঠতো ফিস ফিস মুখরোচক কথায়, তারপর হাসি আর ঢেঁকির শব্দে তৈরী হত এক নতুন ব্যাঞ্জনার সুর। একসাথে ২/৩ জন কোমরে শাড়ীর আচল বেধে ভাঙ্গতো ধান, পরিশ্রম তাদের ক্লান্ত করতে পারতো না। অনেক বিধবা, তালাক প্রাপ্তা ও অসাহায় মহিলা ঢেঁকিতে ধান ছেটে জীবিকা নির্বাহ করতো। ঢেঁকি নিয়ে বহু কবি সাহিত্যিক লিখেছেন গল্প, কবিতা, বাউলরা গেয়েছেন গান। কালের বিবর্তনে বাঙ্গালী সংস্কৃতির এই গুরুত্বপূর্ন উপাদান আমাদের সংস্কৃতি থেকেই মুছে যাচ্ছে।

যেসব মহিলারা ঢেঁকি দিয়ে জীবিকা নির্বাহ করতো তারা আজ নেমেছে অন্য পেশায়। কেউ ভিক্ষা করছে, কেউ ক্ষেত খামারে, ইট ভাঙ্গা ও শারীরিক শ্রমের বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে পড়েছে। পুরুষের তুলনায় নারীদের মজুরী কম হওয়ার কারণে এসব ক্ষেত্রে এদের চাহিদাও প্রচুর। কলে ছাটা চালের চেয়ে ঢেঁকিতে ছাটা চালের পুষ্টির মান অনেক বেশি। গ্রাম অঞ্চলে কদাচিৎ দু’একটি ঢেঁকি আজো চোখে পড়ে। এমন একদিন আসবে যেদিন পরবর্তী প্রজন্ম যাদুঘর কিংবা সংগ্রহশালায় গিয়ে বাঙ্গাঁলী সংস্কৃতির এ উপাদানটির সাথে পরিচিত হবে। কল্পনা করবে প্রাচীন বাংলার ঢেঁকি ব্যাবহারের চিত্র। হয়তোবা সেদিন আর বেশি দূরে নয়।

এ জাতীয় আরও খবর