পরিণীতি চোপড়ার নতুন বন্ধু
বিনোদন ডেস্ক : কারও সঙ্গে বন্ধুত্ব হতে সময় লাগে না চটপটে পরিণীতির। সম্প্রতি তাঁর বন্ধু তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নাম। আসন্ন ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবিতে অভিনয় করছেন সেই নতুন বন্ধু। অভিনেতা আয়ুষ্মান খুরানা।
কীভাবে বোঝা গেল যে তাঁরা ভালো বন্ধু হয়েছেন? আয়ুষ্মানের সামনেই মন খুলে গাইতে পারেন পরিণীতি। বন্ধুটিকে এত ভালো লাগার অন্যতম কারণও এটি। অন্যদিকে আয়ুষ্মানও ভালো গান করেন। পরিণীতি বলেন, ‘আয়ুষ্মান খুব মিষ্টি একটি ছেলে। আমরা খুব ভালো বন্ধু হয়ে গেছি।’ নতুন ছবিতে অভিনয় করতে গিয়ে আয়ুষ্মানই আবিষ্কার করলেন, পরিণীতিও ভালো গান করেন। তাই পরিণীতিকে পেশাদার শিল্পী হিসেবে গাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বন্ধুর কথা রেখেছেন পরিণীতি। ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবির মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর। নতুন এ ছবিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়েছেন তিনি। অক্ষয় রায় পরিচালিত ‘মেরি প্যায়ারি বিন্দু’ ছবির বেশির ভাগের দৃশ্যধারণ করা হয়েছে ভারতের কলকাতায়। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। টাইমস অব ইন্ডিয়া।











