বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বন্দর হচ্ছে সীতাকুণ্ড-মীরসরাইয়ের মাঝে

 

 

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ড এবং মীরসরাই এলাকার মাঝামাঝি নতুন বন্দর প্রতিষ্ঠাসহ আগামী পাঁচ বছরের মধ্যে ২৮ থেকে ৩০ হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চালাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

port_46038

পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বিদ্যমান জেসিবি টার্মিনালে অত্যাধুনিক কন্টে্ইনার টার্মিনাল, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, লালদিয়া কন্টে্ইনার টার্মিনাল, বে টার্মিনাল এবং বিভিন্ন ইয়ার্ড নির্মাণ করে দেশের ভবিষ্যত চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরকে ‘প্রস্তুত’ করা হচ্ছে।

চলতি মাসের মধ্যে বেশ কিছু ইকুইপমেন্ট সংগ্রহের টেন্ডার আহ্বানের পাশাপাশি আগামী কিছুদিনের মধ্যে এক হাজার দুইশ’ কোটি টাকার ইকুইপমেন্ট সংগ্রহ করা হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল এ তথ্য জানান।

বন্দর চেয়ারম্যান বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ১০টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফেনী, মীরসরাই ও আনোয়ারায় ৩টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এ ৩টি অঞ্চলই চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল। বিষয়টি বিবেচনা করে সরকারের পক্ষ থেকে মীরসরাই-সীতাকুণ্ডের মাঝামাঝি এলাকায় কোন বন্দর বানানো যায় কি না সে বিষয়ে আমাদের নির্দেশনা দেওয়া হয়। ইতিমধ্যে আমরা প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন করেছি। এখানে একটি বন্দর তৈরি করা সম্ভব হবে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, সীতাকুণ্ড এবং মীরসরাই এলাকার মাঝামাঝিতে আমরা সমীক্ষা চালিয়েছি। এতে ছয় মিটার ড্রাফট পাওয়া গেছে। জোয়ারের সময় নয় মিটার পর্যন্ত ড্রাফট পাওয়া যায়। তবে জোয়ারনির্ভর একটি বন্দরতো আর গড়ে তোলা যাবে না। সেজন্য আমাদেরকে ওয়াটার ব্রেক দিয়ে ড্রেজিং করে গভীরতা বাড়াতে হবে। এই এলাকায় টেকনো ইকোনোমিক ফিজেবিলিটি স্টাডি করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে ৪৪ কিলোমিটার উত্তরে এ বন্দরটি হলে ফেনী ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চলকে সাপোর্ট করা যাবে। সরকারের গৃহীত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডর পরিকল্পনার অংশ হিসেবে এ বন্দর তৈরি করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ভবিষ্যতের জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে। তৈরি পোশাক খাতের ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রাম বন্দরকে অনেক দূর যেতে হবে। তিনি জানান, বে-টার্মিনাল নির্মাণের জন্য জার্মানির একটি প্রতিষ্ঠানকে সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেয়া হচ্ছে। আগামী ১৭ আগস্ট এ ব্যাপারে চুক্তি সম্পাদিত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে চলতি মাসের মধ্যেই ছাড়পত্র পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা নয়শ’ সাত একরেরও বেশি জমি হুকুম দখলের জন্য জেলা প্রশাসক বরাবরে চাহিদা পাঠাবো। আমদানি-রপ্তানিতে বন্দরের সক্ষমতা বাড়াতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নতুন ইয়ার্ড নির্মাণ করা হচ্ছে, ইয়ার্ড সম্প্রসারণ করা হচ্ছে, যন্ত্রপাতি কেনা হচ্ছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

নিরাপত্তার ব্যাপারে কোন ধরনের আপস করার সুযোগ নেই বলে উল্লেখ করে তিনি বলেন, বন্দরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ১২৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা বুয়েটের একটি বিশেষজ্ঞ দল দিয়ে সমীক্ষা চালিয়েছি। আমাদের ক্যামেরার সংখ্যা ৮শ’ টিতে উন্নীত করতে হবে। আগামী এক বছরের মধ্যে আমরা তা করবো ইনশাআল্লাহ।