বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনেও সন্ধান মেলেনি সাকাপুত্র হুম্মাম চৌধুরীর

hummamনিউজ ডেস্ক : সন্ধান মেলেনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর। বৃহস্পতিবার পুরান ঢাকার আদালতপাড়ার অদূরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে (ডিবি) প্রকাশ্যে তুলে নেয়া হয় হুম্মাম কাদের চৌধুরীকে।

কিন্তু গত তিন দিনেও আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে তাকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। ফলে অজানা এক আশংকায় ভুগছেন হুম্মাম কাদের চৌধুরীর স্বজনরা। তারা আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে হুম্মাম চৌধুরীর সন্ধান চেয়ে আবেদন করেছেন।

এদিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার তিন দিনের মাথায় ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। নতুন কেন্দ্রীয় কমিটিতে তাকে সদস্য করা হয়েছে। এর আগে শুক্রবার বিএনপির পক্ষ থেকে হুম্মাম কাদের চৌধুরীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে হুম্মামের ব্যক্তিগত সচিব মিনহাজ উদ্দিন চৌধুরী শিবলী যুগান্তরকে বলেন, গত তিন দিনে তারা সবখানেই যোগাযোগ করেছেন। শনিবার পর্যন্ত হুম্মাম কাদের চৌধুরীকে আটকের বিষয়টি কেউ স্বীকার করেনি। এতে তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর রায়সা বাজার মোড় (ইংলিশ রোড) থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নেয়া হয় বলে দাবি করেন তার স্বজনরা। তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে কয়েকজন লোক গাড়ি থামিয়ে তাকে তুলে নেয়। এ সময় গাড়িতে তার সঙ্গে মা ফারহাত কাদের চৌধুরী ও নিরাপত্তা কর্মী সায়েম ছিলেন।

যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীর ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল। কিন্তু তার আগেই ইন্টারনেটে সেই রায় প্রকাশ হয়ে যায়। এ ঘটনায় সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকা চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

ওই মামলায় হাজিরার জন্য বৃহস্পতিবার দিন নির্ধারণ ছিল। আর ওই মামলায় হাজিরা দিতে যাওয়ার পথেই হুম্মামকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তবে হুম্মাম কাদের চৌধুরীকে আটকের বিষয়টি প্রথম থেকেই অস্বীকার করে আসছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।