ভাড়াটিয়া সংকটে বাড়িওয়ালারা!
নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতাকে কেন্দ্র করে শঙ্কায় দিন কাটছে ব্যাচেলরদের। বাড়িওয়ালারাও গোয়েন্দা নজরদারি, আইন শৃংখলা বাহিনীর বাসায় বাসায় তল্লাশী এড়াতে ব্যাচেলরদের বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন না। তাতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরগুলোতে মানহীন ও মেস কেন্দ্রীক গড়ে উঠা বাসাগুলোতে বাড়িওয়ালারা রয়েছে ভাড়াটিয়া সংকছে। বাড়ি ভাড়ায় ছাড়সহ বিভিন্ন প্রনোদনা ঘোষণা করেও তারা ফ্যামিলি ভাড়াটিয়া পাচ্ছেন না। ভাড়াটিয়া আবশ্যক! পানি, বিদ্যুৎ- গ্যাসসহ অল্প দামে বাসা ভাড়া হবে। সাধ্যের মধ্যে পাচ্ছেন সুসজ্জিত বাসা! এমনি নানা মুখ রোচক শিরোণামে রাজধানীর দেওয়ালে, বিদ্যুৎ খুটিগুলোতে এমনসব ‘টুলেট’ চোখে পড়ার মতো। তারপরও তারা কোনভাবেই ভাড়াটিয়াদের আকৃষ্ট করতে পারছেন না।
পুরনো ভাড়াটিয়াদের বাসা থেকে বের করে মাসুল গুনতে হচ্ছে বলেও আমার সংবাদকে জানিয়েছেন রাজধানীর হাতিরপুলের বাড়িওয়ালা হাজি শওকত হোসেন। সরেজমিনে জানা যায়, গত কয়েক মাসে আজিমপুর এলাকায় ভাড়াটিয়া সংকটের কারণে বাসা প্রতি ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত ভাড়া কমিয়েছেন কয়েকজন বাড়ির মালিক। তারপরও কয়েক মাস ধরে ভাড়াটিয়া পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা। আজিমপুরের বাড়িওয়ালা কবির সরদার জানান, কয়েক মাস আগেও একটি রুমের ভাড়া ছিল ৬ হাজার থেকে ৬ হাজার ৫শ টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে সবগুলো রুমের ভাড়া ২শ থেকে ৫শ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তারপরেও দুটি রুমে এখনো তালা ঝুলছে।
ঝিগাতলার আবসার উদ্দিন লেনের এক বাড়ির কেয়ার টেকার শরাফত হোসন আমার সংবাদকে বলেন, প্রতি রুমে ৫শ টাকা করে ভাড়া কমানো হয়েছে। তবুও এ মাসে ৫টি রুম খালি হচ্ছে। হঠাৎ ভাড়াটিয়া কমে যাওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করে শরাফত হোসেন বলেন, সাধারণত এলাকায় ভাড়া বাড়লে ভাড়াটিয়া কমে। কিন্তু এ এলাকায় ভাড়া কমানোর পরও ভাড়াটিয়া কমে যাচ্ছে এটা আসলেই অবাক হচ্ছি! তিনি বলেন, বিভিন্ন কারণে আগের মতো ব্যাচেলরদের ভাড়া দেয়া যাচ্ছে না।
বাসায় ব্যাচেলর থাকলে প্রশাসনের ভয়ে থাকতে হয়। কোন সময় কি হয় বলাই মুশকিল। তাতে এখন আর ফ্যামিলি ভাড়াটিয়া পাওয়া যাচ্ছে না। তবে বিপরীত দিকও লক্ষ করা যাচ্ছে রাজধানীতে। কলাবাগানের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলম জানান, ভাড়া কমানোর কথা থাকলেও বাড়িওয়ালা কমায়নি। তবে ভাড়াটিয়া কমে যাওয়ায় মনে হয় আপাত আর ভাড়া বাড়াবে না। মুহাম্মদপুরের বাড়িওয়ালা ইকবাল কবির জানান, বিদ্যুৎ, গ্যাস ও পানির দাম বাড়ছে।
আগামী জানুয়ারি মাসে ভাড়া বাড়ানোর ইচ্ছা ছিল। কিন্তু ভাড়াটিয়া কমে যাচ্ছে। তাহলে ভাড়া কমিয়ে হলেও ভাড়াটিয়া ধরে রাখতে হবে। শুধু বাড়ি ভাড়াই নয়, ভাড়াটিয়া কমে যাওয়ায় দোকানদারদের ব্যবসায় লোকসান হচ্ছে বলে জানিয়েছেন রাজধানীতে ভাসমান ও স্থায়ী ব্যবসায়ীরা। মিরপুর এলাকার রীতি অনুযায়ী প্রতিবছর জানুয়ারিতে নানা অজুহাতে বাড়িভাড়া বৃদ্ধি করলেও এবার ভাড়াটিয়া সংকটে ভাড়া বাড়ানো হচ্ছে না। ভাড়া না ভাড়ালে এ বছর ভাড়াটিয়া পাওয়া যাবে কিনা সে শঙ্কায় ভুগছেন এ এলাকার বাড়িওয়ালারা। একইসাথে সাম্প্রতিক সময়ে কিছু কিছু পোশাক কারখানা বন্ধ হয়ে যাওয়াতে বিশাল অংকের মাশুল গুনতে হবে বলেও জানিয়েছেন মিরপুর এলাকার এক বাড়িওয়ালা।
সম্প্রতি রাজধানীর গুলশানে জঙ্গি হামলা, শুলাকিয়ায় হামলা চেষ্টায় জঙ্গি আটকের ঘটনা ও সর্বশেষ কল্যাণপুরে এক বাসায় অপারেশন -২৬ এ নয় জঙ্গি নিহত হওয়ার ঘটনায় ব্যাচেলরদের নিয়ে শঙ্কায় রয়েছেন বাড়িওয়ালারা। অনেক এলাকায় ইতোমধ্যে লিখিত নির্দেশানও দিয়ে দিয়েছেন তারা। ব্যাচেলরদের কোন ভাবেই তারা বাসা ভাড়া দিবেন না ঘোষণা দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন।
ভাড়াটিয়াদের বিষয়ে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি আমার সংবাদকে জানান, বাড়িওয়ালাদের ডিএমপির পক্ষ থেকে কোন নির্দেশনা দেওয়া হয়নি। শুধু বলা হয়েছে সার্বিক নিরাপত্তা বিবেচনায় ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করার জন্য। তিনি জানান, প্রশাসনের ইচ্ছা কাউকে হয়রানি করা হয়। সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাড়িওয়ালা কাকে ভাড়া দিবেন আর কাকে দিবেন এটি তার নিজস্ব ব্যাপার।
এ বিষয়ে ডিএমপি কোন নির্দেশনা নেই। দেখাযায়, বাড়িওয়ালারা বরাবরই জঙ্গিদের নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছে। রাজধানীর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক সংকটে থাকা শিক্ষার্থীদের ভাল মন্দো বিবেচনা না করে গণহারে বের হতে নোটিশ দিয়েই যাচ্ছেন তারা। যাতে আবাসন সংকটে পড়ছে রাজধানীতে আসা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীও অন্যান্য চাকরিজীবী ব্যাচেলররা। যাতে বাড়িওয়ালারাও পড়ছেন ভাড়াটিয়া সংকটে।











