ঈদকে সামনে রেখে নবীনগরে ট্রলারে ডাকাতি , যাত্রীদের সর্বস্ব লুট
নবীনগর(ব্রাক্ষণবাড়িয়া)প্রতিনিধি: নবীনগর উপজেলায় যাত্রীবাহী একটি ট্রলাারে ডাকাতির ঘটনা ঘটেছে । শুক্রবার(১/৭/১৬) রাতে আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী ধরাভাঙ্গা এবং বাঞ্ছারামপুর উপজেলার সীমান্তবর্তী জয়কালিপুর সংলগ্ন তিতাস ও মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে । এ সময় দুর্বৃত্তরা যাত্রীদের নিকট থেকে মোবাইল , স্বর্ণালস্কারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন যাত্রীরা ।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০-১২ জন যাত্রী নিয়ে নরসিংদী সদর থেকে নবীনগর উপজেলার সলিমগঞ্জে যাচ্ছিল । রাত আটটার দিকে মেঘনা-তিতাসের মোহনায় (বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুর এলাকায়) ট্রলাারটি আসার পর আরেকটি ট্রলারে করে ১৫-১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে । কয়েকজনকে মারধরও করে ডাকাতেরা । ট্রলারের মালিক মো. ছিদ্দিক মিয়া বলেন, আমার ট্রলারের চালক ডালিম মিয়াকে অনেক মারধর করার পর রাতেই নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
যাত্রী মো. শরীফ উল্লাহ বলেন, ১০-১২ জন যাত্রীর সকলের নিকট থেকেই মোবাইল, স্বর্ণালস্কার, টাকা পয়সা সবকিছুই নিয়ে গেছে ডাকাতরা । কমবেশি সবাইকেই মারধর করেছে ডাকাতেরা ।
নবীনগর উপজেলার সলিমগঞ্জ নৌ-পুলিশ এর উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান ঢালি বলেন, আমরা সন্ধ্যা পর্যন্ত তিতাস-মেঘনার মোহনায় টহল দিই । রাতেই শুনেছি একটি ট্রলারে আটটার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে । তবে এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পায়নী । ডাকাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।











