বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ জুলাই সম্মেলনের নির্দেশ : আখাউড়ার আওয়ামী লীগের কর্মকান্ড নিয়ে আইনমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

download (97)আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ ও হতাশা ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের নেতাদের ’তুলোধোনা’ করেন।
সভা সূত্র জানায়, দল পরিচালনার জন্য মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে কার্যালয়ের ব্যবস্থা করার নির্দেশনা দেন। আগামী ৩০ জুলাই সম্মেলনের করার নির্দেশনা দিয়ে ওয়ার্ডের পর্যায়ের সম্মেলন কাজ শুরু করারও নির্দেশনা দেন স্থানীয় এ সংসদ সদস্য।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, ’আপনারা দলকে ফকিরের কাতারে নিয়ে গেছেন। দীর্ঘদিনেও দলের জন্য অফিস নিতে পারেন নি। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছেন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নেই বছরের পর বছর ধরে’।
কথা বলার সময় মন্ত্রীকে ক্ষুব্দ দেখা যায়। এ সময় তিনি আরো বলেন,’এভাবে চলতে থাকলে ষড়যন্ত্রকারিরা ক্ষমতায় এলে টুকিয়ে টুকিয়ে আওয়ামী লীগের লোকজনকে ও মুক্তিযোদ্ধাদেরকে মারবে। দেশের স্বার্থে, দলের স্বার্থে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে’।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার জীবন, আখাউড়া পৌরসভার সাবেক মেয়র মো. নুরুল হক ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হেলাল, অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, মো. নোয়াব মিয়া, মো. জমসিদ শাহ, মো. কাদিরুজ্জামন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা উপজেলা আওয়ামী লীগের চলমান কার্যক্রম নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি ২০১৪ সালের মার্চ মাসে আগুন লেগে সড়ক বাজারের আওয়ামী লীগ কার্যালয় পুড়ে যাওয়ার পর নতুন কার্যালয়ের জন্য চেষ্টা না করায়ও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাছির মিয়া অভিযোগ করেন, কমিটিতে থাকা আবু তাহের একজন জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত। এর যথেষ্ট প্রমাণ আছে। তবে আবু তাহের অভিযোগ খন্ডন করে যারা এসব কথা বলছেন তাঁদের বিচার দাবি করেন।
মন্ত্রী আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়রের উদ্দেশ্যে বলেন, ’আপনারা এক হয়ে কাজ করবেন। এখন থেকে যেন আপনাদের মধ্যে কোনো ধরণের বিরোধের কথা না শুনি। অনুষ্ঠানে কার নাম আগে হবে কার নাম পরে হবে এ নিয়ে যেন কোনো বিরোধ না হয়’।
মন্ত্রী বলেন, ’আহবায়ক কমিটি গঠন নিয়ে আমি ব্যক্তিগত আক্রোশ মিটাইনি। যদি মিটাতাম তাহলে অনেকেই কমিটিতে থাকতে পারতেন না। যারা একদিনের জন্য হলেও আওয়ামী লীগ করেছেন তাঁদেরকেও আমি মূল্যায়নের চেষ্টা করি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বেলায়ও আমার কোনো পছন্দ ছিল না’।
বৈঠক সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের সদস্য দীপক কুমার ঘোষ বলেন, ’মন্ত্রী মহোদয় দীর্ঘ সময় নিয়ে সকলের কথা শুনেন। বেশিরভাগ নেতার বক্তব্যেই দলের কর্মকান্ড নিয়ে হতাশার কথা ফুটে উঠে। একই সঙ্গে দলের মধ্যে সমন্বয়হীনতার কথাও বলেন অনেকে’।