মন্ত্রী বনাম আওয়ামীলীগ ফলাফল ড্র

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া : মন্ত্রী বনাম ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। ইউপি নির্বাচনে এ দু-পক্ষের লড়াইয়ের ফলাফল ড্র। একটিতে জিতেছে জেলা আওয়ামীলীগ অন্যটিতে মন্ত্রী। নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ২ টিতে জেলা আওয়ামীলীগ প্রেরিত তালিকা থেকে প্রার্থী মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ। আর সেকারনে ঐ দু-ইউনিয়নে নিজের দলের জয় চাননি তিনি এমনই অভিযোগ। এরমধ্যে একটিতে আওয়ামীলীগ প্রার্থীর পরাজয়কে মন্ত্রীর জিত বলে ধরা হচ্ছে। আর মন্ত্রীর তালিকার ১১ প্রার্থীর মধ্যে ২ জন হেরেছেন বিএনপি প্রার্থীর কাছে। আর মন্ত্রীর নিজ ইউনিয়নে জিতেছে জাতীয় পার্টির প্রার্থী। আরেক ইউনিয়নে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।
মনোনয়ন নিয়ে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নাসিরনগরের সংসদ সদস্য সায়েদুল হকের সঙ্গে জেলা আওয়ামীলীগের বিরোধ ব্যাপক আলোচিত। জেলা আওয়ামীলীগ নেতারা বলছেন- এই বিরোধ অনেক পুরনো। ইউপি নির্বাচনে যা প্রকাশ্যে এসেছে শুধু। নাসিরনগরের কিংবদন্তীতুল্য নেতা সায়েদুল হক জেলা আওয়ামীলীগের নেতাদের পাত্তা দেননা। জেলা আওয়ামীলীগের বৈঠকে যোগ দেননা নাসিরনগরের নেতারা কখনো। ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে জেলা থেকে উপজেলা আওয়ামীলীগের কাছে মনোনয়নের আবেদন ফরম পাঠানো হলে সেগুলোও কোন কাজে লাগাননি তারা। নীতিমালা অনুসারে ৬ সদস্যের বোর্ড সভাও আহবান করেননি। মোটকথা সাংগঠনিক বিষয়ে জেলা আওয়ামীলীগের কোন নির্দেশ-পরামর্শ তারা আমলে নেননা। নিজ উপজেলার মনোনয়ন সায়েদুল হক তার ষ্টাইলে দেয়ার প্রক্রিয়া করলে জেলা আওয়ামীলীগ প্রকাশ্যে বিরোধে জড়ায়। তারা আওয়ামীলীগ সভানেত্রীর কাছে এ নিয়ে লিখিত নালিশ করে। যাতে বলা হয় সায়েদুল হক জেলা আওয়ামীলীগকে অবহিত এবং সম্পৃক্ত না করে ডাকবাংলোয় বসে এককভাবে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছেন। যা দলের নীতিমালা বিরোধী। তিনি অনেক ইউনিয়নে যোগ্যদের বাদ দিয়ে নিজের আত্বীয় স্বজনদের মনোনয়ন দিয়েছেন। একটি ইউনিয়নে রাজাকারপুত্রকেও মনোনয়ন দেয়া হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়নে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতাদের কাছেও দেয়া হয় দফায় দফায় লিখিত অভিযোগ। এনিয়ে কেন্দ্রের সঙ্গে চিঠি চালাচালি শেষে ঐ উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৫ টিতে জেলা আওয়ামীলীগ প্রার্থী পরিবর্তন চেয়ে তালিকা পাঠায়। এরমধ্যে ২ টি ইউনিয়নে জেলা আওয়ামীলীগের তালিকা থেকে প্রার্থী মনোনয়ন দেয়া হয় । কাটা পড়ে ঐ দু-ইউনিয়নে মন্ত্রী মনোনীত প্রার্থীর নাম। এই দুই ইউনিয়নের একটিতে জিতেছে আওয়ামীলীগ প্রার্থী। আরেকটিতে বিএনপি ।
গুনিয়াউকে ভোটের কয়েকদিন আগে আওয়ামীলীগ প্রার্থীর ব্যানার-পোষ্টার আগুনে পুড়ানো হয়। পুড়ানো হয় নৌকা। আর এসবের নেতৃত্ব দেন মন্ত্রীর আত্বীয় যাকে তিনি মনোনয়ন দিয়েছিলেন হুমায়ুন কবির দরবেশ। ঐ ইউনিয়নে দরবেশের নেতৃত্বে মন্ত্রীর অনুগত আওয়ামীলীগ নেতাকর্মীরা সরাসরি বিএনপি’র নির্বাচন করে। বিএনপি প্রার্থী আবুল হোসেন ৩৯৩৭ ভোট পেয়ে জয়ী হন এ ইউনিয়নে। তার নিকটতম আওয়ামীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু পান ২৭২০ ভোট। তিনি অভিযোগ করেন ভোটের আগে দরবেশ বাড়িবাড়ি গিয়ে হুমকী দিয়েছে। বলেছে কেউ নৌকায় ভোট দেবেনা। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে আগে থেকেই ভয় দেখানো হচ্ছিল। তাদের হাত-পা কেটে নেয়ার হুমকী দেয়া হয়। ফলে তারা কেন্দ্রে যেতে সাহস পাইনি। তারপরও ৯ নম্বর ওয়ার্ডে শতকারা ৯২ ভাগ ভোট কাষ্ট হয়। ১১২০ ভোটের মধ্যে আমাকে দেয়া হয়েছে ১২৫ ভোট। এই ওয়ার্ড এলাকার অধিকাংশ লোকই বিদেশ থাকে। মোটকথা মরাজিতা কারো ভোটই তারা কাষ্টের বাকী রাখেনি। ৮৮ ভাগ ভোট কাষ্ট দেখানো হয় ৮ নম্বর ওয়ার্ডে। ৭ নম্বর ওয়ার্ডে হিন্দু ভোটার সংখ্যা ৬’শ প্রায়। তারা ভোট দিতে পারেনি। ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ৮০ ভাগের বেশী ভোট কাষ্ট দেখানো হয়। তারা তাদের মনমতো ভোট কাষ্ট দেখিয়েছে। অথচ আমার ঘর সংলগ্ন কেন্দ্রে ৭২ ভাগের বেশী ভোট কাষ্ট হয়নি। ১ ও ৭ নম্বর ওয়ার্ডে ছিলো আমার ভোট ব্যাংক। সেই ভোটও তারা নিয়ে গেছে। ১ নম্বর ওয়ার্ডে ১৭ শ ভোট কাষ্ট হলে আমি পেতাম ১৫’শ। তিনি আরো বলেন দেশে যতো নির্বাচন হয়েছে কোন নির্বাচনেই ৭ নম্বর ওয়ার্ডে নৌকা ফেল করেনি। কিন্তু এবার করেছে। দরবেশ যে বিএনপি প্রার্থী আবুল হোসেনের নির্বাচন করেছে তার প্রমান ফল প্রকাশের পর তারা দু-জন একত্রে গলায় মালা পড়েছে। সেই ছবি রয়েছে ফেইসবুকে ।
আলোচিত আরেক ইউনিয়ন হরিপুর। এই ইউনিয়নে মন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন ফারুক আহমেদকে। তার পিতা রাজাকার ছিলেন এই অভিযোগ উঠলে নাম কাটা পড়ে তার। জেলা আওয়ামীলীগ প্রেরিত তালিকা থেকে ঐ ইউনিয়নে মনোনয়ন দেয়া হয় দেওয়ান আতিকুর রহমান আখিকে। আখি জিতেছেন ৪৩৩৩ ভোট পেয়ে। তবে অনেক বেগ পেতে হয়েছে এ বিজয়ে। দেওয়ান আতিকুর রহমান জানান তিনি মনোনয়ন পাওয়ার পরই মুখ ঘুরিয়ে নেন মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে স্বাক্ষাত করতে তিনি ঢাকায় গিয়েছিলেন। কিন্তু স্বাক্ষাত দেননি তিনি। মন্ত্রীর সঙ্গে সঙ্গে নাসিরনগরের প্রশাসনও বিরুপ হয়ে উঠে তার প্রতি। ভোটের মাঠে এর প্রমান দিয়েছেন তারা। আওয়ামীলীগ প্রার্থী এবং তার মাকে লাঞ্চিত করা হয়। শুধু তাই নয় ফেল নিশ্চিত করতে একজন বিদ্রোহী প্রার্থীও দাড় করানো হয়। জেলা আওয়ামীলীগ ভোটের আগে সংবাদ সম্মেলন করে জানায় এখানে রাশেদ চৌধুরীকে বিদ্রোহী প্রার্থী করা হয়েছে আখিকে ফেল করানোর জন্যে। রাশেদ আওয়ামীলীগের ভোট নষ্ট করবে সেই সুযোগে বিএনপি প্রার্থী জিতে যাবে এটাই ছিলো উদ্দেশ্যে। আতিকুর রহমান আখি জানান- ভোটের দিন দুপুরের দিকে তিনি শংকরাদহ কেন্দ্রের বাইরে দাড়িয়ে ছিলেন। তখন কোন কারন ছাড়াই তাকে লাঞ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাসিরনগরের সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে আলিয়ারা ও শংকরাদহ কেন্দ্রে তৎপর ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। সহকারী কমিশনার নিজেই বেত হাতে নিয়ে তারা করেছেন ঐ দু-কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষ সবাইকে। আখি বলেন ভোটের দিন চলাফেরার জন্যে তিনি নির্বাচন কমিশন থেকে ২ টি হোন্ডার অনুমতি নিয়েছিলেন। হোন্ডা দুটি পানিতে ফেলে দেয়া হয় এবং অনুমোদনের কাগজপত্র ছিড়ে ফেলা হয়। প্রধান নির্বাচনী এজেন্টের কাগজপত্রও ছিড়ে ফেলে দেয়া হয়। প্রার্থীর মা পরিচয় দেয়ার পরও আমার মার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তেড়ে গেছে। আলিয়ারা ও শংকরাদহ কেন্দ্রে রীতিমতো তান্ডব চালানো হয়।
জেলা আওয়ামীলীগ নেতারা জানান- তারা যে ৫ টি ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের কথা বলেছিলেন এরমধ্যে ২ টিতে পরিবর্তন হয়। বাকী ৩ টিতে মন্ত্রীর মনোনীত প্রার্থীরা নির্বাচন করে পরাজিত হয়েছেন। মন্ত্রীর নিজ ইউনিয়ন পূর্বভাগে পরাজিত হয়েছে আওয়ামীলীগ প্রার্থী। এখানে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান। এই ইউনিয়নে মন্ত্রী মনোনয়ন দিয়েছিলেন তার আত্বীয় জানু মিয়াকে। জানু পেয়েছেন ২৪৭২ ভোট। জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ৩০১৮ ভোট । ফান্দাউকে জিতেছেন বিএনপি প্রার্থী এডভোকেট কামরুজ্জামান মামুন। তিনি পেয়েছেন ৪৪৪২ ভোট। আওয়ামীলীগ প্রার্থী ফারুকুজ্জামান ফারুক পেয়েছেন ৪৩৮৮ ভোট। চাপরতলায় জিতেছেন বিএনপি’র ফয়েজ উদ্দিন ভূইয়া। আওয়ামীলীগের আবদুল হামিদ পেয়েছেন ২৭২৪ ভোট।
ভোটের লড়াই শেষ হলেও ক্ষান্ত হচ্ছেনা জেলা আওয়ামীলীগ। দুই ইউনিয়নে সায়েদুল হকের নৌকার বিরুদ্ধে অবস্থান, সংগঠনের নিয়মনীতির তোয়াক্কা না করা, নাসিরনগরে সাংগঠনিক কর্মকান্ড স্থবির করে রাখাসহ বিভিন্ন অভিযোগ লিখিতভাবে কেন্দ্রকে অবহিত করবে জেলা আওয়ামীলীগ।
আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
৩০.০৪.১৬











