বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতার অবৈধ মার্কেট উচ্ছেদ কুষ্টিয়ার

 
নিজস্ব প্রতিবেদক :কুষ্টিয়ায় সড়ক ও জনপথের (সওজ) জায়গা দখল করে নির্মাণাধীন মার্কেট গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন মালিথা জায়গা দখল করে এ মার্কেট নির্মাণ করছিলেন। আজ রোববার সকাল ১১টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের নেতৃত্বে অভিযান চালিয়ে নির্মাণাধীন এ মার্কেট গুঁড়িয়ে দেয়া হয়। এসময় সেখানে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য ছাড়াও সওজের কর্মচারিরা উপস্থিত ছিলেন।

110837_192

এর আগে শনিবার কাজ বন্ধ করতে গেলে আলতাফ হোসেন ও তার ভাইয়েরা সওজের নির্বাহী প্রকৌশলীর ওপর হামলা চালায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১১টার দিকে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্যের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে প্রশাসন। বুলডোজার দিয়ে দেয়াল ভেঙে দেয়া হয়। এছাড়া ইট ভেঙে টুকরা টুকরা করে দেয়া হয়। ভাঙার সময় জমির মালিকানা দাবিদার শহর আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ফাইল হাতে নির্বিকার দাঁড়িয়ে ছিলেন। আলতাফ হোসেন আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার বরাত দিয়ে বোঝানোর চেষ্টা করলেও প্রশাসনের কাউকেই বাগে আনতে পারেননি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন জানান, সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা ভেঙে দেয়া হয়েছে। যতদিন তারা (আ’লীগ নেতা আলতাফ) এ জমিকে নিজের জমি প্রমাণ করতে না পারবে তাদের এখানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না। জমি দাবি করলেও তারা এর স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

 

শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, আদালত তাদের পক্ষে রায় দিয়েছে। ১০ ফুট জমি তাদের কাগজপত্রে রয়েছে। তারপরও বারবার ভেঙে দেয়া হয়।

 

এর আগে শনিবার সকালে সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার ঘটনাস্থলে গিয়ে দোকান নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ করলে তার ওপর হামলা চালায় আলতাফ হোসেনের লোকজন। তবে এ ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।এ সংক্রান্ত একটি সংবাদ আজ নয়া দিগন্তে প্রকাশ হয়েছে।