সুখী-সমৃদ্ধ দেশ গড়তে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবার নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে গণতান্ত্রিক অগ্রযাত্রাসহ সার্বিক উন্নয়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।‘মুজিবনগর দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসী এবং প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধ পরিচালনাসহ বিশ্ব দরবারে সদ্য স্বাধীন বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি, শরণার্থীদের সহায়তা, যুদ্ধবিধ্বস্ত দেশ ও সহায় সম্বলহীন জনগণের পাশে দাঁড়ানোসহ মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, এ সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্র্রুত সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যায় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছিলেন তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে তিনি স্মরণ করেন।
বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। গৌরবময় এ সংগ্রামের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা সবার নৈতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেছেন।তিনি দৃঢ় আশা প্রকাশ করে বলেন, দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতিগঠনমূলক কাজে অবদান রাখবে।











